সরকারপোষিত শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে জটিলতা! রাজ্যের কাছে কড়া রিপোর্ট তলব হাইকোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হলেও, সরকারপোষিত স্কুল ও কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষাকর্মীরা কেন বকেয়া ডিএ থেকে বঞ্চিত থাকবেন, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ-র করা মামলার প্রেক্ষিতে রাজ্যের অর্থ দফতরের কাছে কড়া রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা।

আইনি লড়াইয়ে নেমে এবিটিএ অভিযোগ তুলেছে যে, সরকারপোষিত প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের বিষয়ে রাজ্য সরকারের অবস্থান এখনও পর্যন্ত সম্পূর্ণ ধোঁয়াশায় ঢাকা। এমনকি অর্থ দফতর থেকেও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এই অভিযোগ শোনার পরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকার পরেও কেন অর্থ দফতর এই বিষয়ে পদক্ষেপ করছে না, তা জানতে চেয়ে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এবং কবে এই বকেয়া টাকা মেটানো হবে, সেই রূপরেখাও ওই রিপোর্টে স্পষ্ট করতে বলা হয়েছে।