দুলিপ ট্রফি: বৈভব-ঈশানের ব্যর্থতা ঢাকলেন সুদীপ-শাহবাজ, প্রথম দিনেই নজির গড়লেন অংশুল কাম্বোজ

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে শুরু হলো নতুন ভারতীয় ঘরোয়া মৌসুম। তবে দুলিপ ট্রফির উদ্বোধনী দিনেই বড় চমক দেখাল লাল বলের ক্রিকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের চেনা আলো ছেড়ে লাল বলের ২২ গজে নেমে শুরুটা একেবারেই ভালো হলো না তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী এবং ইস্ট জোন অধিনায়ক ঈশান কিষাণের। অন্যদিকে, দলের দুই অভিজ্ঞ বাঙালি ব্যাটসম্যানের দৃঢ়তায় প্রথম দিনেই চালকের আসনে ইস্ট জোন।
বিসিসিআই-এর সিওই মাঠে নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ইস্ট জোন। সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী বড় কিছু করার প্রত্যাশা তৈরি করলেও মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন। দলের অধিনায়ক ঈশান কিষাণের ব্যাট থেকেও আসে মাত্র ৪ রান। একে একে তারকা ব্যাটসম্যানরা আউট হলে দলের ইনিংসের হাল ধরেন সুদীপ কুমার ঘরামি এবং শাহবাজ আহমেদ।
গত মৌসুমের ফর্ম বজায় রেখে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেন সুদীপ। এটি তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি। কুমার কুশাগ্ৰকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলানোর পর, সাত নম্বরে নামা অলরাউন্ডার শাহবাজ আহমেদের সঙ্গে ১৫০ রানের অনবদ্য জুটি গড়েন সুদীপ। সুদীপের বিদায়ের পর প্রথম-শ্রেণির ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শাহবাজ। দিন শেষে শাহবাজ ১০০ রানে অপরাজিত থাকেন এবং ইস্ট জোনের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৫৫ রান।
অন্যদিকে, দুলিপ ট্রফির অন্য ম্যাচে নর্থ জোনের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেয় ওয়েস্ট জোন। মুম্বাইয়ের পেসার তুষার দেশপান্ডে এবং স্পিনার তনুশ কোটিয়ান প্রত্যেকে চারটি করে উইকেট শিকার করেন। নর্থ জোনের পক্ষে আয়ুশ বাদোনি অর্ধশতক পেলেও দলের সংগ্রহ থাম য়া মাত্র ২৫১ রানে। তবে এই ইনিংসে সবচেয়ে বড় চমক দেখান অংশুল কাম্বোজ। বোলিংয়ে নামার আগে নয় নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৫২ বলে ১০টি চার ও ছক্কার ফুলঝুরিতে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট জোন ২ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে।