যাদবপুর কাণ্ড: ছাত্র সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ক্যাম্পাসে বড় জমায়েত, বিস্ফোরক অভিনেত্রী!

বুধবার রাতের তীব্র সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-র সমর্থকদের পাল্টাপাল্টি মিছিল ও মুখোমুখি সংঘাতে ক্যাম্পাস কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এমতাবস্থায় নিজের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে সরব হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তথা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্রী শিরিন পাল।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মারবি যত বাড়বে মিছিল, মার কত মার মারবি!’ ওই ভিডিওটিতে বিশ্ববিদ্যালয় চত্বরে SFI-এর সমর্থনে বিশাল জমায়েত ও মিছিল দেখা যায়। মিছিল থেকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পাশাপাশি ABVP-কে লক্ষ্য করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে দুই পক্ষের ছাত্র সংগঠনের সমর্থকরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। উত্তপ্ত বাদানুবাদ এবং চরম উত্তেজনার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিপুল পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

পরিস্থিতি সামাল দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের মূল গেটের একটি লোহার প্রতীক খুলে যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে যাদবপুরের এই পরিস্থিতি নিয়ে অত্যন্ত কড়া আক্রমণ শানিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয়কে ‘নকশাল, মাওবাদী এবং দেশবিরোধী শক্তি’ দিয়ে ভরিয়ে রাখা হচ্ছে। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যকে নাম করে নিশানা করে তিনি অভিযুক্ত ছাত্রদের দ্রুত আত্মসম্ধানের আল্টিমেটাম দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ক্যাম্পাসের অন্দরে এই রাজনৈতিক সংঘাত এবং তার বাইরের রাজনৈতিক তরজায় যাদবপুরের আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।