কলকাতায় ফুটবলের মেগা ফিয়েস্তা! ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঘুরে দেখল যুবভারতী

ফুটবলপ্রেমী বাঙালির দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার মাটিতে পা রাখতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর প্রথমবার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে সেলেসাওরা। এই হাই-ভোল্টেজ ঐতিহাসিক ম্যাচের সার্বিক প্রস্তুতি এবং পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে বর্তমানে দু’দিনের সফরে কলকাতায় এসে পৌঁছেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায় প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকেলে নির্ধারিত সময়মতো যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন সের্জিও ডিমাস দে অলিভেইরা, ভিনিসিয়ুস বারোজো কোস্তা, জোসে সেনাতোরে দে পাওলা লিমা, গুইলহার্মে পাসোস রামোস এবং ব্রুনো মাজেই রেইস। স্টেডিয়ামে পৌঁছানোর পর প্রথমেই তাঁরা মূল প্র্যাকটিস গ্রাউন্ড এবং সংলগ্ন ড্রেসিংরুম ও শৌচাগার পরিদর্শনে যান। এরপর তাঁরা মূল স্টেডিয়ামের মাঠে প্রবেশ করে ঘাসের ঘনত্ব থেকে শুরু করে উইকেটের সার্বিক পরিস্থিতি খুঁটিয়ে দেখেন। ফেডারেশনের ডিরেক্টর অফ ফুটবল সুব্রত পাল এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই পুরো পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে ছিলেন এবং স্টেডিয়ামের সমস্ত সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এমনকি মাঠের কিউরেটরকে প্রশ্ন করে তাঁরা জানতে চান শেষ কবে মাঠের ঘাস পরিবর্তন করা হয়েছে। বর্তমানে একটি টুর্নামেন্ট চলায় এবং তার ফাইনাল রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মাঠের পরিচর্যা ও সার্বিক উন্নতির ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিন পর প্রতিনিধি দলের সদস্যরা ফের কলকাতায় এসে মাঠের উন্নতির অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখবেন।

এর আগে প্রতিনিধি দলটি কলকাতার ক্রীড়ামন্ত্রীর দপ্তরে একটি উচ্চপর্যায়ে বৈঠকে যোগ দেয়। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। বৈঠক শেষে ক্রীড়ামন্ত্রী জানান, ব্রাজিলের প্রতিনিধিরা প্রাথমিক পর্যায়ে স্টেডিয়ামের বর্তমান পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন। দুর্গাপুজোর ঠিক আগে এই আন্তর্জাতিক ম্যাচ বাংলার সমস্ত ফুটবলপ্রেমী মানুষের জন্য এক বিরাট উপহার হতে চলেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে লিয়োনেল মেসির কলকাতা সফরকালে নিরাপত্তার ব্যাপক ত্রুটি ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যার ফলে আন্তর্জাতিক স্তরেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য প্রশাসনকে। সেই অপ্রীতিকর ঘটনার যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে এবার অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থান নিয়েছে রাজ্য সরকার। শুধু ফুটবল মাঠ বা প্র্যাকটিস গ্রাউন্ডই নয়, তার পাশাপাশি স্টেডিয়ামের ঠিক কাছাকাছি থাকা দুটি নামী হোটেলেও ঘুরে দেখেন সিবিএফ-এর প্রতিনিধিরা। খেলোয়াড়দের থাকার ব্যবস্থা, ভিআইপি গ্যালারি, দর্শকদের বসার আসন এবং নিরাপত্তা বলয় খতিয়ে দেখে তাঁরা প্রাথমিক সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে, ভিনিসিউস জুনিয়রদের পা মাটিতে পড়ার আগে তিলোত্তমা নগরীতে এখন থেকেই উৎসবের আমেজ ও চরম প্রস্তুতির আবহ তৈরি হয়েছে।