বয়স বাড়লেও Gen-Z -কেও হার মানান সাইফ! নবাবের কোন গোপন জীবনধারা নিয়ে এত চর্চা?

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি তাঁর ৫৬তম জন্মদিন উদ্যাপন করলেন। কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভারতের সাবেক সফল অধিনায়ক মনসুর আলি খান পতৌদির সন্তান সাইফ বরাবরই গ্ল্যামার দুনিয়ায় এক ব্যতিক্রমী চরিত্র। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, রোমাঞ্চকর সম্পর্ক, চার সন্তান এবং অনবদ্য ফ্যাশন সেন্স নিয়ে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। বর্তমান বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের সঙ্গে সুখের সংসার হলেও, সাইফ তাঁর স্বাধীনচেতা ও প্রথাভাঙা ব্যক্তিত্বের জন্য সবসময়ই আলাদা পরিচিতি তৈরি করেছেন।
সাইফ কি যুগের চেয়ে এগিয়ে থাকা ‘জেন জি’ আইকন?
বয়সের হিসেবে সাইফ জেন জি প্রজন্মের না হলেও, তাঁর জীবনযাপন ও চিন্তাভাবনায় আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। তাঁর অভিনীত চরিত্রগুলির মতো বাস্তব জীবনেও তিনি বরাবরই শহুরে, স্বাধীন এবং নিজের শর্তে জীবন কাটাতে পছন্দ করেছেন। সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক না রেখে নিজের সিদ্ধান্তকে সবার আগে গুরুত্ব দেওয়ার প্রবণতা তাঁর জীবনে বহু আগেই দেখা গেছে। মাত্র ২১ বছর বয়সে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করে তিনি সে সময় বলিউডে এক প্রকার ঝড় তুলেছিলেন। পরিবারের অমতে নেওয়া সেই সিদ্ধান্ত সেই যুগে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে সেই সম্পর্ক ভেঙে গেলেও প্রথম পক্ষের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও বন্ধুত্ব আজও অটুট।
এক পরিবারে তিন প্রজন্মের মেলবন্ধন
সাইফ আলি খানের চার সন্তান যেন একই পরিবারের ভেতর তিনটি আলাদা প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন। বড় মেয়ে সারা আলি খান মিলিনিয়াল প্রজন্মের প্রতিনিধি, অন্যদিকে ছেলে ইব্রাহিম আলি খান জেন জি প্রজন্মের। আর করিনা কাপুরের সঙ্গে তাঁর ছোট দুই সন্তান তৈমুর ও জেহ হলো জেন আলফা প্রজন্মের।
পার্থক্য থাকলেও বাবা হিসেবে প্রতিটি সন্তানের সঙ্গেই সাইফের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। সারা বাবার পথ অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছেন, আর ইব্রাহিমও নিজের মতো করে কেরিয়ার গড়ছেন। অন্যদিকে ছোট দুই সন্তান তৈমুর ও জেহ-র সঙ্গে তাঁর খুনসুটি ও বন্ধুত্বের ছবি প্রায়ই নেটদুনিয়ায় ভাইরাল হয়। সময়ের সঙ্গে নিজের চিন্তাভাবনা বদল করে সন্তানদের নিজস্ব পছন্দ ও ব্যক্তিত্বকে সবসময়ই সম্মান জানিয়ে এসেছেন এই নবাব।
ফ্যাশনেও চিরতরুণ নবাব
অভিনয়ের পাশাপাশি সাইফ দীর্ঘদিন ধরেই বলিউডের অন্যতম স্টাইলিশ ও ফ্যাশন সচেতন তারকা হিসেবে পরিচিত। তরুণ বয়সে ক্যাজুয়াল ডেনিম বা টি-শার্টে যেমন তিনি সাবলীল ছিলেন, তেমনই সময়ের সঙ্গে তাঁর স্টাইলে যুক্ত হয়েছে ক্লাসিক শার্ট, প্রিমিয়াম ব্লেজার, স্যুট এবং এলিগ্যান্ট কুর্তা-নেহরু জ্যাকেট। অতিরিক্ত চাকচিক্য এড়িয়ে পোশাকের নিখুঁত ফিটিং ও রঙের ভারসাম্যের ওপর তাঁর বিশেষ জোর থাকে। সব মিলিয়ে, প্রথা ভাঙার সাহস এবং সময়ের সঙ্গে নিজেকে নিখুঁতভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতাই সাইফ আলি খানকে বলিউডের বাকি তারকাদের থেকে আলাদা করে তুলেছে।