সুপ্রিম কোর্টে মোটা মাইনের সরকারি চাকরি! শুরু হচ্ছে সরাসরি নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

দেশের সর্বোচ্চ আদালতে চাকরি করার এক সুবর্ণ সুযোগ নিয়ে এলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া (SCI)। সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি নিয়োগ প্রক্রিয়ার অধীনে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ ‘বি’ নন-গেজেটেড) পদে মোট ৬৫টি শূন্যপদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে আগামী ২০ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২৬। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রাত ১১:৫৫ মিনিটের মধ্যে নিজেদের আবেদন জমা দিতে পারবেন।

আবেদনকারী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যিক। এর পাশাপাশি ইংরেজিতে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১১০টি শব্দ এবং কম্পিউটারে টাইপিং স্পিড প্রতি মিনিটে অন্তত ৪০টি শব্দ হতে হবে। আবেদনকারীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং ১ অক্টোবর ২০২৬ তারিখের হিসেবে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে অবজেক্টিভ টেস্ট, শর্টহ্যান্ড টেস্ট, কম্পিউটার টাইপিং টেস্ট, সাক্ষাৎকার এবং নথি যাচাইয়ের মাধ্যমে। আগামী ৭ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রথম পর্যায়ের অবজেক্টিভ টেস্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪৭,৬০০ টাকা থেকে শুরু করে ১,৫১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, যা অন্যান্য সরকারি ভাতা মিলিয়ে এক বিরাট অঙ্কে দাঁড়াবে।