উৎসবের আলোয় মুছে গেছে দাঙ্গার কালো দিন! উত্তরপ্রদেশের রূপ বদল নিয়ে মুখ খুললেন যোগী

উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজ্যের আমূল পরিবর্তনের কথা তুলে ধরে পূর্ববর্তী সরকারগুলিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বরেলীতে এক জমকালো অনুষ্ঠানে ৫,০০০ গ্রামরক্ষীকে সম্মানিত করার পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানান যে, বিগত কয়েক বছরে উত্তরপ্রদেশের সামাজিক ও সুরক্ষার ছবিটা পুরোপুরি বদলে গেছে। বর্তমানে রাজ্যের মানুষ নির্ভয়ে ও আনন্দের সঙ্গে সমস্ত উৎসব উদযাপন করতে পারছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী বলেন, “উত্তরপ্রদেশ এখন সম্পূর্ণ বদলে গেছে। আপনাদের এই বরেলী জেলা এবং এখানকার পরিবেশই তার সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ। ২০১৭ সালের আগের দিনগুলোর কথা স্মরণ করুন, যখনই কোনো উৎসব আসত, তার ঠিক আগেই রাজ্যে দাঙ্গা শুরু হয়ে যেত। আতঙ্কে মানুষ উদযাপনের কথা ভুলেই থাকত। কিন্তু আজ সেই দিন বদলে গেছে। এখন মানুষ দাঙ্গার ইতিহাস ভুলে গেছে। রাজ্যের প্রতিটি গ্রামের প্রতিটি কোণায় আজ হাজার হাজার মানুষ নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে প্রতিমা স্থাপন করে শারদীয় নবরাত্রির নানা আচার-অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।”

মুখ্যমন্ত্রী আরও জানান যে, তিনি নিয়মিতভাবে রাজ্যের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় ও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। তাঁর কথায়, অতীতে যেখানে পঞ্চমী বা সপ্তমীর পর প্রতিমা স্থাপন হতে দেখা যেত, এবার দেখা গিয়েছে মানুষ প্রতিপদ থেকেই প্রতিমা বসিয়ে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন এবং সর্বত্র উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই নিরাপদ উত্তরপ্রদেশ আজ গোটা দেশ তথা বিশ্বের কাছে রাজ্যের ভাবমূর্তি সম্পূর্ণ বদলে দিয়েছে।

অতীতের পরিচয় সংকট প্রসঙ্গে কটাক্ষ করে যোগী বলেন, অতীতে কিছু মানুষের ভুলের খেসারত দিতে হয়েছিল রাজ্যের ২৫ কোটি সাধারণ নাগরিককে। উত্তরপ্রদেশের যুবসমাজকে এক গভীর পরিচয় সংকটের মুখে পড়তে হয়েছিল। ভিন রাজ্যে গেলে সাধারণ মানুষ নিজেদের পরিচয় লুকাতে বাধ্য হতেন। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আজ রাজ্যের মা-বোন ও ব্যবসায়ীরা থেকে শুরু করে প্রতিটি নাগরিক একটি ভীতিহীন ও সুরক্ষিত পরিবেশে বসবাস করছেন।