স্বাধীনতা দিবসের আগেই চরম উত্তেজনা! কে বা কারা ভাঙল নিউ আলিপুরের নেতাজি মূর্তি?

নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একদিকে যখন দেশনায়ককে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্য ঘিরে তুলকালাম চলছে, ঠিক সেই আবহেই খোদ কলকাতায় নেতাজির মূর্তি ভাঙার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। রাতের অন্ধকারে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় তিন মাথার মোড়ে অবস্থিত নেতাজির একটি আবক্ষ মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনার খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা এবং বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে দুষ্কৃতীরা নেতাজির মূর্তির ডান হাত ভেঙে অবমাননা করেছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খুঁজে বের করতে দ্রুত পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকেও জানানো হচ্ছে বলে তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সেই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়াতেও নেতাজিকে নিয়ে নানা অপমানজনক পোস্ট ছড়ানোর অভিযোগ ওঠে। এই জলঘোলা পরিস্থিতির মধ্যেই নেতাজি অবমাননার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এ ধরনের মানহানির ঘটনায় আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন স্পর্শকাতর রাজনৈতিক আবহের মধ্যেই নেতাজির মূর্তির হাত ভাঙার ঘটনায় নতুন করে পারদ চড়েছে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। কেউ এমন অপরাধমূলক কাজ করলে প্রশাসন যে কড়া আইনি পদক্ষেপ নেবে, তাও স্পষ্ট করা হয়েছিল। এর পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয়গুলিকে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র নামে নামকরণের ঘোষণাও করা হয়। এমন একটি ইতিবাচক ঘোষণার ঠিক পরেই নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙার ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক মহল।
তারক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের নজর এখন প্রশাসনের তদন্তের দিকে। রাতের অন্ধকারে কীভাবে এবং কারা এই ন্যক্কারজনক ঘটনা ঘলাল, তা নিয়ে শুরু হয়েছে জোরদার পুলিশি তল্লাশি।