ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা! সোনামুখী যাওয়ার পথে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি

বড় ধরণের দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সোনামুখী যাওয়ার পথে ডানকুনি টোল প্লাজার কাছে তাঁর চলন্ত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া বড় লরি। ঘটনার সময় গাড়িতে শতরূপ ঘোষ সহ মোট চারজন সওয়ারি ছিলেন। তবে সৌভাগ্যবশত তাঁদের সকলেরই বড় ধরনের কোনো চোট-আঘাত লাগেনি।

জানা গিয়েছে, মঙ্গলবার সোনামুখীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিপিএম নেতা। ডানকুনি টোল প্লাজা অতিক্রম করার ঠিক পরেই এই দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে আসা একটি ভারী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িতে। আকস্মিক এই ধাক্কায় গাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে বড় বিপদের আশঙ্কা করা হলেও গাড়িতে থাকা যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। ঘটনার পরই ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শতরূপ ঘোষ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং লরি চালক মদ্যপ অবস্থায় ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যস্ততম এই টোল প্লাজার কাছে লরির এই বেপরোয়া চলাফেরা নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।