ইতিহাস গড়ে বড় সিদ্ধান্ত! রাষ্ট্রপতির ভাষণের পরেই এবার জাতির উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। প্রথা ভেঙে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পরেই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর এই বিশেষ বার্তা। দূরদর্শন বাংলা এবং আকাশবাণী কলকাতার মাধ্যমে রাজ্যবাসীর কাছে পৌঁছে যাবে তাঁর এই বক্তব্য।
রাজনৈতিক মহলের মতে, এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। কারণ, শেষবার ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাধীনতা দিবসের প্রাক্কালে দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন। তারপর দীর্ঘ প্রায় ২০ বছর কোনো মুখ্যমন্ত্রী এই প্রথা অনুসরণ করেননি। সেই দীর্ঘ বিরতি কাটিয়ে বদলের বাংলায় ফের সেই ধারা ফিরিয়ে আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই বিশেষ সম্প্রচারের প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন হয়েছে বলে খবর।
অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতেও থাকছে বিশেষ চমক। সূত্রের খবর অনুযায়ী, এবার সুন্দরবনের বাঘের ডেরায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প (STR) এলাকাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্প অফিসে তাঁর এই কর্মসূচি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে জোরকদমে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী, যার সূচনা তিনি নিজেই করেছিলেন গত ১০ আগস্ট।