গুরুদ্বারে প্রাণঘাতী হামলা! রক্তাক্ত পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদলের স্বাস্থ্যের খোঁজ নিলেন মোদী

মহারাষ্ট্রের নানদেদে অকালি দলের সভাপতি তথা পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরের এই আকস্মিক হামলায় গুরুতর জখম হয়েছেন ওই নেতা। ঘটনার পরই তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নানদেদের একটি গুরুদ্বারে গিয়েছিলে সুখবীর সিং বাদল। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে এক নিহঙ্গ ব্যক্তি ধারালো কৃপাণ নিয়ে তাঁর ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী সরাসরি তাঁর পেটে আঘাত হানার চেষ্টা করলেও শেষ মুহূর্তে নিজেকে রক্ষা করেন তিনি। তবে কৃপাণের কোপে তাঁর ডান হাত মারাত্মকভাবে জখম হয়েছে। শুধু তাই নয়, তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর নিরাপত্তারক্ষীরাও আঘাত পান।

ঘটনার পরপরই দ্রুত তাঁকে উদ্ধার করে নানদেদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর হলেও এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন।

এদিকে, আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে দেশের এক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার ওপর এমন প্রকাশ্য হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগের ঝড় উঠেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইতিমধ্যেই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।