টুলুর জাল ডিসিআর সাম্রাজ্য! ৫ বছরে আড়াই হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি বীরভূমের পাথর মাফিয়ার

খবরের শিরোনামে ফের বীরভূমের দাপুটে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তাঁর সুবিশাল সাম্রাজ্য এবং বিপুল সম্পত্তির হদিশ পাওয়ার পর এবার পুলিশের তদন্তে প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের করা প্রাথমিক তদন্ত ও বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখা গিয়েছে, বিগত ৫ বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন টুলু মণ্ডল। অর্থাৎ, বার্ষিক গড়ে প্রায় ৫০০ কোটি টাকার সরকারি রাজস্ব তছরুপ করা হয়েছে। এই বিপুল জালিয়াতির ঘটনায় টুলুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

১৫ কেজি সোনা ও ২৮ কোটি উদ্ধারের পরই খাস রহস্যের উদ্ঘাটন

এর আগে গত ২৯ জুলাই বীরভূমের দেউচায় টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে ১৫ কেজি সোনা এবং সাড়ে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য ৫০ কোটিরও বেশি। এই টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই টুলুর দুই ম্যানেজার এবং এক আত্মীয় গ্রেফতার হয়েছেন।

এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে এখনও পর্যন্ত টুলু মণ্ডলের প্রায় ২২০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ। এছাড়া তদন্তে জানা গেছে, টুলুর কাছে রয়েছে ৪০০ বিঘারও বেশি জমি এবং ২০০-র বেশি গাড়ি।

বিএলআরও (BLLRO) রিপোর্টে সিলমোহর: সমস্ত ডিসিআর-ই ভুয়ো!

পুলিশের তদন্তে সবচেয়ে বড় চাঞ্চল্য তৈরি করেছে টুলুর ‘জাল DCR’ (Demand and Collection Register) চক্র। পাথর খাদান ও পরিবহনের ক্ষেত্রে সরকারের ঘরে যে রাজস্ব জমা পড়ার কথা, তা ফাঁকি দিতে সম্পূর্ণ জাল ডিসিআর ব্যবহার করত টুলু মণ্ডল ও তার শাগরেদরা।

একাধিক জায়গা থেকে উদ্ধার হওয়া নথিপত্র এবং টুলুর সুবিশাল পার্কিং লট থেকে জাল ডিসিআর ছাপানোর যন্ত্র বাজেয়াপ্ত করার পর সেগুলি বিএলআরও (BLLRO) দফতরে পাঠানো হয়। যাচাইয়ের পর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, টুলুর ব্যবহৃত সমস্ত ডিসিআর কপিই সম্পূর্ণ ভুয়ো।

পুলিশের অনুমান, কেবল এই ভুয়ো ডিসিআর ও রাজস্ব ফাঁকির সাম্রাজ্য বিস্তৃত করে গত ৫ বছরে অন্তত আড়াই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। উদ্ধার হওয়া কাগজপত্র ও নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর তদন্তকারীদের ধারণা, রাজস্ব ফাঁকির এই অঙ্ক আরও অনেক বেশি হতে পারে। পলাতক টুলু মণ্ডলকে পাকড়াও করতে এখন সবকটি সম্ভাব্য জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।