“তরুণদের চাকরির খোঁজে ঘুরিয়েছে, আজ তারা চাকরিদাতা!” বিরোধীদের একহাত নিলেন যোগী আদিত্যনাথ

রবিবার উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে আয়োজিত এক বিশাল জনসভা থেকে সমাজবাদী পার্টি (SP), কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সিদ্ধার্থনগরে ৩১১ কোটি টাকারও বেশি মূল্যের মোট ১০৭টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে যুবসমাজকে ধোঁকা দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।
বিরোধীদের বিরুদ্ধে যোগীর কড়া আক্রমণ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের দীর্ঘ সময় ধরে শাসন করা কংগ্রেস এবং উত্তরপ্রদেশে সবচেয়ে বেশিবার সরকার চালানো সমাজবাদী পার্টি ও কংগ্রেস জুটি মূলত দেশের যুবসমাজকে বিপথগামী করেছে। তিনি কটাক্ষ করে বলেন, “কংগ্রেস দেশের যুবকদের মধ্যে পরিচয় সংকট তৈরি করেছে, আর সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের যুবকদের মধ্যে সেই সংকট তৈরি করেছে।” রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের নাম না করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, তাঁদের দীর্ঘ মেয়াদে তাঁরা রাজ্যের তরুণ প্রজন্মের জন্য আদতে কী করেছেন? যখন দেশে চরমপন্থা, সন্ত্রাসবাদ, অস্থিরতা এবং দাঙ্গা ছিল, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের যুবসমাজই। অথচ কংগ্রেস ৫৫-৬০ বছর দেশ শাসন করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেন তিনি।
যুবসমাজ এখন চাকরি সৃষ্টিকারী
বিরোধীদের কাঠগড়ায় তুলে বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে গত এক দশকে ভারতের রূপান্তর ঘটেছে। দেশের যুবকরা এখন আর কেবল চাকরির পেছনে ছোটা ‘চাকরিপ্রার্থী’ নন, বরং তাঁরা নিজেদের মেধার জোরে ‘কর্মসংস্থান সৃষ্টিকারী’ (Job Creators) হয়ে উঠেছেন। সারাদেশে প্রায় ১৭ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি, উত্তরপ্রদেশে স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর উন্নতির কথা বলতে গিয়ে তিনি জানান, রাজ্যে হু হু করে বেড়েছে মেডিকেল কলেজ এবং এমবিবিএস (MBBS)-এর আসন সংখ্যা। বিরোধীদের ব্যর্থতাকে সামনে এনে যোগীর এই কড়া আক্রমণ আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।