UPI-পেমেন্ট করলেই কি কাটবে অতিরিক্ত টাকা? জল্পনার মাঝেই মোক্ষম সাফাই দিল পেমেন্টস কাউন্সিল!

সম্প্রতি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)-এর ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চার্জ বসানো নিয়ে দেশজুড়ে তীব্র জল্পনা ও বিতর্ক শুরু হয়েছে। গ্রাহক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী—সবার মনেই একটাই প্রশ্ন, তবে কি এ বার থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত মাশুল গুণতে হবে? এই আবহে পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ ও সাধারণ মানুষের পকেট নিয়ে আশঙ্কা তৈরি হলেও, অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি ভবিষ্যতে চার্জ বসলেও তা সাধারণ গ্রাহকদের প্রভাবিত করবে না বলেই জানানো হয়েছে।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুদি দোকানদার, আইসক্রিম বিক্রেতা, ছোট দোকান, মিষ্টির দোকান বা রাস্তার হকারদের মতো প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রেও কি পকেট থেকে চার্জ দিতে হবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নেরই স্পষ্ট জবাব দিয়েছে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (IAMAI)-এর তত্ত্বাবধানে পরিচালিত পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI)।

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি

পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে, সাধারণ ইউপিআই গ্রাহকদের কাছ থেকে কোনও চার্জ নেওয়ার প্রস্তাব নেই। একই সঙ্গে স্বস্তির খবর শুনিয়ে কাউন্সিল স্পষ্ট করেছে, মুদি দোকানের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদেরও এমডিআর (MDR) চার্জ দিতে হবে না। তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে আগের মতো নির্বিঘ্নে ইউপিআই পরিষেবা চালিয়ে যেতে পারবেন।

পিসিআই (PCI)-এর স্মরণ করিয়ে দিয়েছে যে, ২০১৬ সালে আত্মপ্রকাশের পর থেকেই ইউপিআই পরিষেবা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ রয়েছে। দেশের যে কোনও নাগরিক কোনও ধরনের অতিরিক্ত ট্রানজাকশন ফি ছাড়াই এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা ভোগ করে আসছেন।

আসলে কী এই MDR চার্জ?

মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) মূলত সেই ফি, যা ব্যবসায়ীরা ডিজিটাল লেনদেন সম্পন্ন করার জন্য ব্যাঙ্ক বা বিভিন্ন পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে (PSP) প্রদান করে থাকেন। নিয়ম অনুযায়ী, এই চার্জ সরাসরি গ্রাহকদের দেওয়ার কথা নয়। তা সত্ত্বেও বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছিল যে, এমডিআর চার্জের জুজু ছোট ব্যবসায়ীদের ইউপিআই ব্যবহারের প্রতি অনীহা তৈরি করতে পারে বা তাদের এই ব্যবস্থা থেকে দূরে ঠেলে দিতে পারে। তবে পেমেন্টস কাউন্সিলের সাম্প্রতিক এই স্পষ্টীকরণের পর ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা যে বড় স্বস্তি পেলেন, তা বলাই বাহুল্য।