ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কাঁপবে দক্ষিণবঙ্গ! আজ কোন ৭ জেলায় ভারী বৃষ্টির চরম সতর্কতা?

রাজ্যজুড়ে চলছে বর্ষার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, রোহতক, লখনউ, জামশেদপুর হয়ে কাঁথির ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা দক্ষিণ দিকে ঝুঁকে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর প্রদেশের বিভিন্ন অংশেও জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া:দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া—এই সাতটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা না থাকলেও প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। তবে রবিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সোমবার ও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গের আবহাওয়া:উত্তরবঙ্গের ক্ষেত্রেও সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে অতি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে মালদহ ও দুই দিনাজপুরে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। কলকাতার আবহাওয়া:কলকাতায় আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে শহরের আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে