আয়ুষ্মান কার্ড হাতে পেতে আর কত অপেক্ষা? অগাস্টেই কি মিলবে বড় স্বস্তি?

জুলাই মাসজুড়ে আশাকর্মীদের কাছে আয়ুস্মান ভারত কার্ডের জন্য আবেদন জমা দিলেও এখনও পর্যন্ত বহু মানুষের হাতে কার্ড এসে পৌঁছায়নি। সরকারি স্বাস্থ্য সহায়তার এই কার্ড কবে হাতে পাওয়া যাবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে, খুব শীঘ্রই প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হবে এই কার্ড। তবে অগাস্টেই এই কার্ড হাতে মিলবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত নবান্নের তরফে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি।

দেশের কোটি কোটি সাধারণ মানুষের জন্য অন্যতম বড় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প হল আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। বর্তমান সময়ে আয়ুষ্মান ভারতের কার্ড সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা হয়। যোগ্য ব্যক্তিরা Ayushman App বা কমন সার্ভিস সেন্টার (CSC)-এর মাধ্যমে e-KYC সম্পন্ন করে আবেদন করতে পারেন। আবেদন সফলভাবে জমা পড়ার পর সমস্ত তথ্য যাচাই করা হয়। যাচাই সম্পূর্ণ হলে সাধারণত কয়েক ঘণ্টা থেকে ৩ থেকে ৭ কর্মদিবসের মধ্যে ডিজিটাল আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে নথি যাচাই বা প্রযুক্তিগত কারণে কিছুটা সময় বেশি লাগতেও পারে।

জানা গিয়েছে, কার্ড অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তারা মোবাইলে ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারেন এবং প্রয়োজন হলে তা প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেন। বর্তমানে দেশের অধিকাংশ তালিকাভুক্ত হাসপাতালে ডিজিটাল কার্ডই গ্রহণ করা হয়। কার্ড অনুমোদিত হলে Ayushman App থেকে লগ-ইন করে তা খুব সহজেই ডাউনলোড করা সম্ভব। পাশাপাশি, নিকটবর্তী সিএসসি কেন্দ্র বা অনুমোদিত হাসপাতাল থেকেও কার্ড সংগ্রহের সুবিধা পাওয়া যেতে পারে।

সরকারি সূত্রে খবর, এই প্রকল্পের সুবিধা মূলত কেন্দ্রের নির্ধারিত যোগ্য পরিবারগুলিকেই দেওয়া হয়। বিভিন্ন রাজ্য সরকারও এখন নিজস্ব স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে এটিকে যুক্ত করেছে। এই সুবিধার সম্পূর্ণ প্রাপ্তি নির্ভর করে সরকারি তালিকায় নাম থাকা এবং প্রয়োজনীয় নথি যথাযথভাবে যাচাই হওয়ার ওপর। সব মিলিয়ে সরকারি তরফে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই যোগ্য উপভোক্তাদের হাতে এই গুরুত্বপূর্ণ কার্ড পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।