বক্সঅফিসে ইতিহাস! শাহরুখ-সলমনকে পেছনে ফেলে দুই দিনে ১০৯ কোটির ব্যবসা স্পাইডার-ম্যানের

ভারতীয় বক্সঅফিসে নতুন ইতিহাস তৈরি করে মেগা সাফল্যের পথে এগিয়ে চলেছে হলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। টম হল্যান্ড অভিনীত এই সুপারহিরো সিনেমাটি মুক্তির মাত্র দুই দিনেই ভারতে ১০৯ কোটি টাকার (নেট) দুর্দান্ত ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে। ‘ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডার-ম্যান’ হিসেবে টম হল্যান্ডের চতুর্থ এই সিনেমাটি ভারতে মুক্তির দিনেই ৬০ কোটি টাকা (নেট) আয় করে সর্বকালের সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছিল, যা ২০১৯ সালের মার্ভেল ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর রেকর্ডকেও পেছনে ফেলে দিয়েছে। এরপর শুক্রবার ছবিটি আরও ৪৯ কোটি টাকা (নেট) আয় করে, যার ফলে মাত্র দুই দিনে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০৯ কোটি টাকায়। সিনেমার এই অভাবনীয় আয় অনেক ভারতীয় জনপ্রিয় ছবির প্রথম দুই দিনের সংগ্রহকে ছাড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ, ‘ধুরন্ধর পার্ট ১’ প্রথম দুই দিনে ৬০ কোটি টাকা এবং শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ৫০ কোটি টাকার কম আয় করেছিল। এমনকি বাদশার ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’-এর প্রথম দুই দিনের ৬৭.১৯ কোটি টাকার সংগ্রহের রেকর্ডকেও ভেঙে দিয়েছে এই হলিউড ছবি। ‘ব্র্যান্ড নিউ ডে’-র ইংরেজি সংস্করণ বক্সঅফিসে সবচেয়ে বেশি প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা করেছে এবং হিন্দি ডাব করা সংস্করণটি থেকে এসেছে ৩৯ কোটি টাকা। গত ৩০ জুলাই ভারতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শকের ভিড়। বিশ্বজুড়েও এই সিনেমার বক্সঅফিস কাঁপানোর পূর্বাভাস মিলছে। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি প্রায় ২৫০ থেকে ২৬০ মিলিয়ন ডলার আয় করবে বলে অনুমান করা হচ্ছে, যা হলিউড ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং। আন্তর্জাতিক বাজারের দীর্ঘ ওপেনিং উইকেন্ডের সুবাদে বিশ্বব্যাপী এর মোট আয় হাফ-বিলিয়ন বা ৫০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই নতুন পর্বে পিটার পার্কার বা স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। ছবিটিতে এমজে চরিত্রে জেন্ডায়া এবং নেড চরিত্রে জ্যাকব ব্যাটালন যথারীতি ফিরে এসেছেন। গল্পে দেখা যায়, পিটার পার্কার এমন এক পৃথিবীতে সম্পূর্ণ একা জীবন কাটাচ্ছেন যেখানে কেউ তাকে মনে রাখে না। পুরনো বন্ধুদের এগিয়ে যাওয়ার মানসিক চাপের মাঝে নতুন খলনায়কদের মোকাবিলা করতে হয় তাকে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই মার্ভেল মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, মার্ক রাফালো এবং জন বার্নথাল।