“ছাত্র আন্দোলনের নামে রাজ্যে অচলাবস্থার চক্রান্ত!” বিস্ফোরক মন্তব্য যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরীর

ছাত্র প্রতিবাদ ও বিক্ষোভের আড়ালে দেশ এবং রাজ্যে ইচ্ছাকৃতভাবে অচলাবস্থা সৃষ্টির এক গভীর চক্রান্ত চলছে বলে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী ভট্টাচার্য। গত শুক্রবার নিট (NEET) পরীক্ষার নানা অনিয়মের প্রতিবাদের নামে বামপন্থী দলগুলির বিক্ষোভ মিছিল থেকে ব্যাপক হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ওই বিক্ষোভে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন বেশ কয়েকজন সাংবাদিকও। বামেদের এই তাণ্ডব ও সাংবাদিক নিগ্রহের তীব্র প্রতিবাদ জানিয়ে সম্প্রতি গড়িয়া এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই সোচ্চারে হাঁটতে দেখা যায় যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরীকে।