মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক? বর্ধমান থেকে ধৃত কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি!

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেফতার হলো কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল। বর্ধমানের অভিজাত রেনেসাঁ হাউজিং অ্যাপার্টমেন্টে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিল সে। প্রায় এক মাস ধরে ওই ফ্ল্যাটে ভাড়ায় ছিল এই জঙ্গি। জইশ-ই-মহম্মদের সক্রিয় এই সদস্যের সঙ্গে পুলওয়ামা হামলায় যুক্ত সাজ্জাদ ভাটের গভীর যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইএসআইএস জঙ্গিদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল।

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য-রাজনীতি ও নিরাপত্তা মহলে। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে জানা যাচ্ছে, ধৃত হামিদের কাছ থেকে এমন কিছু সংবেদনশীল নথি উদ্ধার হয়েছে যা রাজ্যের প্রশাসনিক শীর্ষ কর্তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। গোয়েন্দাদের প্রাথমিক আশঙ্কা, রাজ্যেই বসে ভিভিআইপি নেতৃত্বের ওপর কোনও বড় হামলার ছক কষা হচ্ছিল। ধৃতের মোবাইল থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি অনুসরণের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ। জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্ধমানের পাশাপাশি নিউ টাউনের একটি ফ্ল্যাটেও কিছুদিন ঘাঁটি গেড়েছিল সে। হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর লোকেশন সংক্রান্ত তথ্য ও চ্যাট উদ্ধার হওয়ায় উদ্বেগ বেড়েছে গোয়েন্দাদের।

ধৃতের মোবাইল ও সমস্ত ডিজিটাল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জঙ্গি নেটওয়ার্কের পরিধি ও তার সহযোগীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বর্ধমান আদালতে হাজির করার পর তাকে পুলিশ হেফাজতে নিয়ে কলকাতায় জেরা করা হতে পারে। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারীকে ঘিরে এমন চাঞ্চল্যকর তথ্য উদ্ধারের পর নিরাপত্তা বলয় নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে প্রশাসন।