হাইকোর্টে বিরাট স্বস্তি অনুব্রত মণ্ডলের! ইটভাটা লুটের মামলায় মঞ্জুর আগাম জামিন

এর আগে সিউড়ি আদালত এই মামলায় অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর আইনজীবীরা। সোমবার শুনানির সময় অনুব্রতর আইনজীবী আদালতে জানান যে, এই মামলার অন্যতম এক সহ-অভিযুক্ত জয়দেব বন্দ্যোপাধ্যায় আগেই হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। যদিও রাজ্যের আইনজীবী অনুব্রতর জামিনের তীব্র বিরোধিতা করেছিলেন, তবে সব পক্ষের সওয়াল শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিন মঞ্জুর করেন।
ঠিক কী অভিযোগ ছিল?
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। শান্তিনিকেতন থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, বোলপুরের ত্রিসুলাপট্টির বাসিন্দা তথা বিজেপি সমর্থক শুভেন্দু মণ্ডল দীর্ঘ ৩৫ বছর ধরে ওই এলাকায় ইটের ব্যবসা চালাচ্ছেন। তাঁর অভিযোগ ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পরেই তাঁর ওপর রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়।
অভিযোগপত্রে দাবি করা হয়, অনুব্রত মণ্ডলের ‘সবুজ সঙ্কেত’ পেয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ২০০ জনের সশস্ত্র দুষ্কৃতীর একটি দল ওই ব্যবসায়ীর ইটভাটায় চড়াও হয়। সেখানে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি কর্মচারীদের মারধর করে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করা হয় বলে অভিযোগ ওঠে। এছাড়াও ব্যবসায়ী ও তাঁর কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই পুরনো ঘটনার প্রেক্ষিতেই অনুব্রত মণ্ডলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। হাইকোর্টের এই রায়ে স্বস্তি পেলেন বীরভূমের ‘কেষ্ট’ মণ্ডল।