পরীক্ষা ব্যবস্থায় বিরাট বদল আনছে মোদী সরকার! নেতৃত্বে থাকছেন ইনফোসিস কর্তা নন্দন নিলেকানি

দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও বেশি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের সুপারিশ করার লক্ষ্যে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন ‘টাস্ক ফোর্স’ (Task Force) গঠন করল কেন্দ্র। আর এই গুরুত্বপূর্ণ টাস্ক ফোর্সের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিবিদ তথা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির হাতে।
কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
এক্স (X) হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি কড়া বার্তা দিয়ে জানান, যারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের প্রত্যেকের আজ কড়া শাস্তি হয়েছে এবং তারা জেলে রয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে মোকাবিলা করতে সরকার ইতিমধ্যেই ‘ফাস্ট কোড’ চালু করেছে এবং সংসদে নতুন কঠোর আইন আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।
পরীক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংস্কারের ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সরকার দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করে তোলার পাশাপাশি প্রযুক্তির অধিকতর ব্যবহারের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।” এই লক্ষ্যকে সামনে রেখেই বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর মতে, এই বিশেষ টাস্ক ফোর্স খুব শীঘ্রই পরীক্ষা সংস্কারের বিভিন্ন দিক খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে তাদের মূল্যবান সুপারিশ সরকারের কাছে জমা দেবে। এই প্যানেলের সুপারিশ ও প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আসন্ন পরীক্ষাগুলোর সর্বোচ্চ বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র। দেশজুড়ে বারবার প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের বিতর্কের মাঝে কেন্দ্রের এই হাই-প্রোফাইল টাস্ক ফোর্স গঠন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।