হারারেতে প্রথম জয়ের খোঁজে শ্রেয়স! জিম্বাবোয়ে সিরিজের আগে বড় হুঙ্কার ভারত অধিনায়কের

বৃহস্পতিবার হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে ভারত। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে এই সিরিজে প্রথম জয়ের খোঁজে নামবে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে সিরিজ হারের পর, জিম্বাবোয়ের মাটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। বিসিসিআই-এর প্রকাশিত ভিডিওতে শ্রেয়স জানিয়েছেন, দলের মূল লক্ষ্য পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।

এদিকে, সবার নজর থাকবে তরুণ সেনসেশন ১৫ বছর বয়সি বৈভব সূর্যসংশীর ওপর। চলতি বছরের জানুয়ারি মাসে এই হারারে মাঠেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে অপরাজিত ১৭৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এছাড়া ওপেনার অভিষেক শর্মারও এই মাঠে সেঞ্চুরি করার দারুণ স্মৃতি রয়েছে। ভারতের শক্তিশালী স্কোয়াডে তিলক বর্মা, ইশান কিষাণ, রিংকু সিং ও মায়াঙ্ক যাদবের মতো তারকারাও অন্তর্ভুক্ত রয়েছেন।