নিট কাণ্ডে কড়া পদক্ষেপ! ৪ রাজ্যে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের বড় ঘোষণা কেন্দ্রের

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণার পর তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। অবিলম্বে পদক্ষেপ নিয়ে দেশের চারটি রাজ্যে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এই বিষয়ে বোম্বে, কলকাতা, দিল্লি এবং মধ্যপ্রদেশ হাইকোর্টকে চিঠি পাঠানো হচ্ছে। পাবলিক পরীক্ষা আইন ২০২৪-এর অধীনে এই আদালতগুলিতে মামলার দৈনিক ভিত্তিতে শুনানি হবে।
কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা আইনটি ইউপিএসসি, এসএসসি, আরআরবি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতিমধ্যে এই আইনে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি এবং অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।