সস্তায় সেকেন্ড হ্যান্ড এসি কিনছেন? একটু ভুলেই ঘরে লুকিয়ে আছে মারাত্মক বিস্ফোরণের ফাঁদ!

প্রচণ্ড গরমে স্বস্তি পেতে অনেকেই এখন কম খরচে সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড এসির দিকে ঝুঁকছেন। কিন্তু সামান্য অর্থ বাঁচাতে গিয়ে অজান্তেই ঘরে ডেকে আনছেন না তো বড় কোনো বিপদ? বিশেষজ্ঞদের মতে, পুরোনো এসির দুর্বল কম্প্রেসার, ভুল পদ্ধতিতে গ্যাস রিফিল এবং অদক্ষ মেকানিকের হাতের কাজ মারাত্মক বিস্ফোরণের কারণ হতে পারে। এছাড়া ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার বা শর্ট সার্কিট থেকে ঘটাতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
যদি আপনার এসি থেকে পোড়া গন্ধ বের হয়, বিকট শব্দ হয়, বারবার এমসিবি ট্রিপ করে কিংবা ঘর ঠান্ডা না হয়ে বডি অতিরিক্ত গরম হয়ে যায়, তবে অবিলম্বে সতর্ক হন। এই বিপদ এড়াতে কোনো সস্তা মেকানিকের বদলে সর্বদা দক্ষ টেকনিশিয়ান দিয়ে নিয়মিত সার্ভিসিং করান। ভোল্টেজের ওঠানামা রোধে ভালো মানের স্ট্যাবিলাইজার ব্যবহার করুন এবং প্রচণ্ড গরমে টানা ১৫-২০ ঘণ্টা এসি না চালিয়ে মাঝেমধ্যে যন্ত্রটিকে বিশ্রাম দিন। সামান্য টাকা বাঁচাতে গিয়ে পরিবারকে ঝুঁকিতে ফেলবেন না।