হোটেলের মতো সুস্বাদু চিকেন ডাম্পলিং এবার ঘরেই! রইল একদম সহজ রেসিপি

ডাম্পলিং খেতে কার না ভালো লাগে? তেলে ভাজা খাবারের চেয়ে স্বাস্থ্যকর হওয়ায় এটি সকলেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ঘরে থাকা সামান্য মুরগির মাংস ও কিছু সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন ডাম্পলিং। একবার বানিয়ে এটি দীর্ঘদিন ফ্রোজেন করেও সংরক্ষণ করা যায়।
চিকেন ডাম্পলিং তৈরির জন্য প্রথমে ২৫০ গ্রাম চিকেন কিমার সঙ্গে ১ চা চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ সয়া সস, আধ চা চামচ গোলমরিচ গুঁড়া, ১ চা চামচ তেল ও স্বাদমতো লবণ ভালো করে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। অন্যদিকে ১ কাপ ময়দা, ১ চিমটি লবণ, সামান্য তেল ও পরিমাণমতো জল দিয়ে একটি নরম ডো তৈরি করে দশ মিনিট ঢেকে রাখুন।
এবার ডো থেকে ছোট ও পাতলা লেচি কেটে রুটির আকার দিন। রুটির ঠিক মাঝে এক চামচ চিকেনের পুর দিয়ে কিনারাগুলো সামান্য জল দিয়ে ভিজিয়ে পছন্দসই ডাম্পলিংয়ের শেপ বা ডিজাইন তৈরি করুন। এরপর স্টিমারের পাত্রে অল্প তেল ব্রাশ করে ডাম্পলিংগুলো সাজিয়ে দিন। ফুটন্ত জলের ওপর স্টিমার বসিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সুস্বাদু চিকেন ডাম্পলিং। নামিয়ে আপনার পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।