টিম ইন্ডিয়ার তারকাদের বারবার ইনজুরি! কাঠগড়ায় বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স

ভারতীয় ক্রিকেট দলে ইনজুরি এখন অন্যতম বড় ও উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) খেলোয়াড়দের ফিটনেস নিয়ে গাফিলতি চলছে। এর ফলে বারবার মারাত্মকভাবে চোট পাচ্ছেন জাতীয় দলের তারকারা। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে এই সমস্যা প্রকাশ্যে এসেছে। ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলও এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছেন।
ইংল্যান্ড সফরে যাওয়া নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা এবং জসপ্রীত বুমরাহের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা ইনজুরির কবলে পড়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের মতো চোটের মূল কারণ হলো খেলোয়াড়দের পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও মাঠে নামিয়ে দেওয়া। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্ট এবং সেন্টার অফ এক্সিলেন্সের মধ্যে যথাযথ যোগাযোগের অভাব রয়েছে। বিশেষ করে, নিতিন প্যাটেল পদত্যাগ করার পর থেকে সিওআই-তে কোনো স্থায়ী মেডিকেল হেড নিয়োগ করা হয়নি, যা এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।
হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির বারবার ইনজুরি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড। প্রশ্ন উঠছে, পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও কোন চাপের মুখে হর্ষিত রানাকে খেলার অনুমতি দেওয়া হলো? জানা গেছে, ইনজুরির পর প্রয়োজনীয় শারীরিক সামর্থ্য অর্জন না করেই তিনি মাঠে নেমেছিলেন। একইসঙ্গে ওয়াশিংটন সুন্দরকে নিয়েও বড়সড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে তাড়াহুড়ো করে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং স্কোয়াডে যোগ দেওয়ার পরেও ফিট হতে তাঁর প্রায় দশ দিন সময় লেগেছিল। এই ঘটনায় দলের অন্দরমহলের কড়া সমালোচনা শুরু হয়েছে।