স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬: বাজারে আসছে সংস্থার প্রথম আলট্রা ফোল্ডেবল ফোন, জানুন দাম ও স্পেসিফিকেশন

আজই পর্দা উঠছে স্যামসাংয়ের সবচেয়ে বড় টেক ইভেন্ট Galaxy Unpacked 2026-এর। লন্ডনে আয়োজিত এই মেগা ইভেন্টে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়ে নিতে প্রস্তুত টেক জায়ান্ট স্যামসাং। চলতি বছরের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে সংস্থার প্রথম Ultra ব্র্যান্ডের ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Fold 8 Ultra। পাশাপাশি লঞ্চ হতে পারে Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8 এবং একগুচ্ছ অত্যাধুনিক Galaxy AI ফিচার।

কোথায় ও কখন দেখবেন লাইভ?
আজ ২২ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে চলা এই জমকালো অনুষ্ঠান ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। প্রযুক্তিপ্রেমীরা ঘরে বসেই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাবেন Samsung Newsroom India, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং স্যামসাংয়ের অফিসিয়াল YouTube চ্যানেলে।

Samsung Galaxy Z Fold 8 Ultra-এর সম্ভাব্য ফিচার
লিক রিপোর্ট অনুযায়ী, স্যামসাংয়ের এই প্রিমিয়াম মডেলে থাকছে ৬.৩ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৮ ইঞ্চির বিশাল ফোল্ডেবল স্ক্রিন। পারফরম্যান্সের জন্য এতে থাকতে পারে শক্তিশালী Snapdragon 8 Gen 5 Elite for Galaxy প্রসেসর। ক্যামেরা প্রেমীদের জন্য থাকছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড এবং ৩x অপটিক্যাল জুমসহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। উভয় ডিসপ্লেতেই মিলবে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Galaxy Z Fold 8 ও Z Flip 8-এর চমক
স্ট্যান্ডার্ড Galaxy Z Fold 8 মডেলে থাকছে ৫.৫ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৭.৬ ইঞ্চির ফোল্ড স্ক্রিন। ৪,৮০০mAh ব্যাটারিযুক্ত এই ফোন একবার চার্জে ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। অন্যদিকে, Galaxy Z Flip 8-এ থাকছে ৬.৯ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে, ৪.১ ইঞ্চির কভার স্ক্রিন এবং ৪,৩০০mAh ব্যাটারি।

ভারতে সম্ভাব্য দাম কত?
ইউরোপীয় লিক হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Galaxy Z Flip 8-এর দাম শুরু হতে পারে ১,৪৮,০০০ টাকা থেকে। অন্যদিকে Galaxy Z Fold 8-এর প্রারম্ভিক দাম প্রায় ২,২৮,০০০ টাকা এবং আলট্রা মডেলের দাম প্রায় ২,৫০,০০০ টাকা থেকে শুরু হতে পারে। আজকের ইভেন্টেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সঠিক দাম ও উপলব্ধতা ঘোষণা করবে স্যামসাং।