অভিষেক ‘খুনি’, ‘ক্রিমিনাল’! সোশ্যাল মিডিয়ায় লাইভে বিস্ফোরক মদন মিত্র, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গের রাজনীতির চেনা ছক ভেঙে তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন বিদ্রোহের আগুন। দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি যেভাবে আক্রমণ করেছেন, তা তৃণমূলের অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকট করে তুলেছে।

মদন মিত্রের বিস্ফোরক অভিযোগ:

সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “অভিষেক ক্রিমিনাল, খুনি। পয়েন্ট দিয়ে, সুপারি দিয়ে তিনি মার্ডার করেন।” নিজের বক্তব্যে তিনি আরও যোগ করেন, “আমাকে চমকে-ধমকে লাভ নেই। ডায়মন্ড হারবার নিয়ে কাউকে ভয় দেখালেও আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।”

পদত্যাগের নাটক ও ‘আজব শর্ত’

মদন মিত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে তাঁরা প্রস্তাব দিয়েছিলেন যেন তিনি পদত্যাগ করেন। মদনের কথায়, “আমরা বলেছিলাম, অভিষেক তুমি একটা স্টেটমেন্ট করে দাও যে তুমি সবকিছুর জন্য দায়ী এবং তুমি দায়িত্ব থেকে সরে যাচ্ছ। এর উত্তরে অভিষেক আমাদের উল্টো প্রশ্ন করে—আমি যদি সরে যাই, তার বদলে আমাকে কী দেবে?”

মদন মিত্রের অভিযোগ, এরপর অভিষেক নাকি অদ্ভুত সব শর্ত চাপান। এমনকি ‘আমেরিকা যাওয়া’ নিয়ে অভিষেক একটি শর্ত দিয়েছেন বলেও তিনি দাবি করেন। মদন মিত্রের ভাষায়, “এমন মনে হচ্ছিল যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে! আমি অবাক হয়ে গেলাম।”

‘বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো’

মদন মিত্র এদিন সরাসরি অভিষেককে পদত্যাগের পরামর্শ দেন। তিনি বলেন, “আমি ওকে বুঝিয়ে বলেছি, যো জিতা ওহি সিকান্দর। বিজেপি জিতে গেছে, তুমি পদত্যাগ করো। উনি বলছেন আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু কী করে ফিরবে? তিনি যদি ভিলেনের জায়গা থেকে নিজেকে হিরো হিসেবে প্লেস করতে চান, তাহলে তো মুশকিল।”

উল্লেখ্য, দলের অন্দরে এই ধরনের আক্রমণ এবং প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মদন মিত্রের এই মন্তব্য তৃণমূলের জন্য নতুন কোনো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।