কাশির ওষুধের চেয়েও কি মধু বেশি কার্যকর? বিজ্ঞান কী বলছে জানুন!

দীর্ঘদিন ধরে কাশি সারাতে মধু একটি বিশ্বস্ত ঘরোয়া প্রতিকার। তবে এটি কি আসলেই কাজ করে? বিজ্ঞান বলছে, মধু কেবল গলাকে আরামই দেয় না, বরং শ্বাসনালীর সংক্রমণেও দারুণ কার্যকর। মধুর ঘন ও আঠালো গঠন গলার অস্বস্তি কমিয়ে তাৎক্ষণিক স্বস্তি দেয়। এর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য কাশির তীব্রতা কমাতে সাহায্য করে।

‘বিএমজে জার্নালস’-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, মধু অ্যান্টিবায়োটিকের একটি সস্তা ও কার্যকর বিকল্প হতে পারে। বিশেষ করে রাতে কাশির তীব্রতা কমিয়ে এটি ঘুম বাড়াতে সাহায্য করে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার জন্যই এটি নিরাপদ।

কিভাবে খাবেন মধু?

ঘুমানোর আগে এক-দুই চা চামচ মধু সরাসরি খেয়ে নিন।

গরম পানি, দুধ বা হার্বাল টি-তে মিশিয়ে পান করুন।

সাবধানতা:
মধু কাশির উপসর্গ উপশম করে, কিন্তু এটি রোগ নিরাময় করে না। এছাড়া এক বছরের কম বয়সী শিশুদের মধু দেবেন না, কারণ এতে ‘ইনফ্যান্ট বোটুলিজম’ নামে গুরুতর ঝুঁকির সম্ভাবনা থাকে। যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে পরিমিত পরিমাণে মধু গ্রহণ করা উচিত। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।