বাঁকিপুর উপনির্বাচনে বাজিমাত করতে মরিয়া প্রশান্ত কিশোর, চ্যালেঞ্জ জানালেন সম্রাট চৌধুরীকে!

জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে লড়াইয়ের ঘোষণা করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন। এই উপনির্বাচনকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বের বিরুদ্ধে একটি ‘জনমত সংগ্রহ’ বা রেফারেন্ডাম হিসেবে আখ্যা দিয়েছেন। প্রশান্ত কিশোরের মতে, গত বিধানসভা নির্বাচনে সম্রাট চৌধুরী মুখ ছিলেন না, তাকে ‘পেছনের দরজা’ দিয়ে আনা হয়েছে।

টিভি ৯ ভারতবর্ষের সঙ্গে কথোপকথনে পিকে সাফ জানান, বাঁকিপুর হাতছাড়া হলে সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতেই হবে। তার কথায়, “বিজেপি মনে করে এখান থেকে কুকুর-বিড়ালকে টিকিট দিলেও জিতে যাবে, এটাই তাদের অহংকার।” তিনি সম্রাট চৌধুরীকে সরাসরি অপরাধমূলক মানসিকতার ব্যক্তি হিসেবে আক্রমণ করে তার অধীনে বিহারের উন্নয়নের সম্ভাবনা নাকচ করেছেন।

প্রশান্ত কিশোরের দাবি, তিনি বিধায়ক হওয়ার জন্য নয়, বরং রাজ্যের ‘সিস্টেম’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই নির্বাচনী ময়দানে নেমেছেন। তিনি কোনো জোটের রাজনীতিতে বিশ্বাসী নন এবং বাঁকিপুরের শিক্ষিত ও সচেতন ভোটাররাই তাকে বেছে নেবেন বলে আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, নিতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বাঁকিপুর আসনটি শূন্য হয়। এই আসনে ৯০-এর দশক থেকে বিজেপির একাধিপত্য থাকলেও পিকে-র এই লড়াই আগামী দিনে বিহারের রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। ভোটগ্রহণ ৩০ জুলাই এবং ফলাফল ৩ আগস্ট।