ফের বাড়ল গরমের ছুটি! আজ থেকে কোন ক্লাসের পড়ুয়াদের ছুটি বহাল? জানুন বিস্তারিত

জুন মাসের শেষ সপ্তাহেও সূর্যদেবের চোখরাঙানি অব্যাহত। মাঝে দু-এক পশলা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম আর তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বিশেষ করে তীব্র দাবদাহের মধ্যে স্কুলগামী পড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল প্রশাসন। তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে পাটনা জেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ছুটির মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত জেলার সমস্ত সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জেলা প্রশাসক কুন্দন কুমার জানিয়েছেন, ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রা এবং আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা মাথায় রেখেই পড়ুয়াদের ডিহাইড্রেশন বা হিট স্ট্রোকের মতো শারীরিক সমস্যা থেকে রক্ষা করতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ২৮ জুন পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা করা হয়েছিল এবং ২৯ জুন থেকে স্কুল খোলার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন সেই ছুটি কিছুটা বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ছুটির নির্দেশিকা শুধুমাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্ষেত্রেই প্রযোজ্য। নবম শ্রেণি থেকে ওপরের ক্লাসগুলির জন্য পঠনপাঠন আজ থেকেই শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে পাটনার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। এই পরিস্থিতিতে দুপুরে শিশুদের স্কুল যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মূলত এই ঝুঁকি কমাতেই ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আবহাওয়ার পরিস্থিতির ওপর প্রশাসনের নজরদারি রয়েছে। যদি আগামী দিনেও দাবদাহের তীব্রতা না কমে, তবে ছুটির মেয়াদ আবারও পুনর্বিবেচনা করা হতে পারে। জেলা ম্যাজিস্ট্রেটের এই সিদ্ধান্তে অভিভাবকরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। আপাতত আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশ মেনে স্কুল কর্তৃপক্ষগুলিকে পঠনপাঠন বন্ধ রাখতে বলা হয়েছে।