আগামীকালই ঝড় তুলবে টাটার নতুন ‘সিয়েরা ইভি’! কী কী থাকছে এই শক্তিশালী ইলেকট্রিক এসইউভিতে?

ভারতের বৈদ্যুতিক গাড়ি বাজারে ফের বড় চমক দিতে চলেছে টাটা মোটরস। দীর্ঘদিন অপেক্ষার পর আগামীকাল, ৩০ জুন আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে বহু প্রতীক্ষিত ‘টাটা সিয়েরা ইভি’ (Tata Sierra EV)। ২০২০ সালের অটো এক্সপোতে প্রথমবার কনসেপ্ট হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই এই গাড়িটি নিয়ে গাড়িপ্রেমিদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়াম মিড-সাইজ ইলেকট্রিক এসইউভি হিসেবে এটি টাটার ইলেকট্রিক পোর্টফোলিওতে যুক্ত হতে চলেছে।
পাওয়ার ও পারফরম্যান্সের মেলবন্ধন
সিয়েরা ইভি-তে ব্যবহৃত হচ্ছে টাটার অত্যাধুনিক ‘acti.ev+’ আর্কিটেকচার, যা মূলত সফটওয়্যার-চালিত ফিচারের জন্য পরিচিত। সংস্থা সূত্রে খবর, গাড়ির পারফরম্যান্সকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এতে ৬৫ kWh এবং ৭৫ kWh—এই দুই ধরনের ব্যাটারি প্যাক অপশন থাকতে পারে। নতুন এই গাড়িটিতে রিয়ার হুইল ড্রাইভের পাশাপাশি ডুয়ার মোটর টেকনোলজি অর্থাৎ অল-হুইল ড্রাইভ (AWD) সুবিধা যুক্ত করা হয়েছে, যা দুর্গম পথেও দুর্দান্ত নিয়ন্ত্রণ দেবে। সাম্প্রতিক টিজারে এই গাড়িটিকে আবুধাবির তাল মোরিব বালি টিলার মতো চ্যালেঞ্জিং পথে দাপটের সঙ্গে চলতে দেখা গেছে, যা এর পাওয়ারের প্রমাণ দেয়। এক চার্জে এই গাড়ি ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।
ডিজাইন ও প্রিমিয়াম লুক
ডিজাইনের ক্ষেত্রে সিয়েরা ইভি তার আইকনিক সিলুয়েট বজায় রেখেছে, তবে ইভি-র বিশেষত্ব হিসেবে এর সামনের গ্রিলটি পুরোপুরি বন্ধ (Closed-off) এবং বডি-কালার প্যানেলযুক্ত করা হয়েছে। এর হেডল্যাম্প ইউনিটগুলো সামান্য নিচের দিকে বসানো হয়েছে এবং গাড়ির সামনে ও পেছনে কানেকটেড এলইডির লম্বা স্ট্রিপ রয়েছে। এর ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডেল এবং অ্যারোডাইনামিক অ্যালয় হুইল গাড়িটিকে আরও আধুনিক ও প্রিমিয়াম লুক দিয়েছে।
ইন্টেরিয়র ও প্রযুক্তি
যদিও ইন্টেরিয়র সম্পর্কে টাটা এখনও রহস্য বজায় রেখেছে, তবে বিশেষজ্ঞদের মতে, উচ্চতর ভ্যারিয়েন্টে থাকতে পারে ট্রিপল-স্ক্রিন ড্যাশবোর্ড সেটআপ। এতে ১২.৩ ইঞ্চির বড় ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং প্যাসেঞ্জারের জন্য একটি আলাদা ডিসপ্লে থাকার সম্ভাবনা প্রবল। এছাড়া প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, ৩৬০-ডিগ্রে ক্যামেরা, ডুয়েল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং জেবিএল-এর ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম গাড়ির অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
টাটা মোটরস তাদের ‘ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস’ (BaaS) মডেলের মাধ্যমে গ্রাহকদের খরচ কমানোর সুযোগ দিতে পারে, যেখানে ব্যাটারি সাবস্ক্রিপশন মডেলে কেনা যাবে। ২০-২৫ লক্ষ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হতে যাওয়া এই গাড়িটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে হুন্ডাই ক্রেটা ইভি এবং মাহিন্দ্রা বিই ৬-এর মতো জনপ্রিয় মডেলগুলির সঙ্গে। আগামীকাল লঞ্চের পরই গাড়িটির চূড়ান্ত বুকিং এবং ডেলিভারি সংক্রান্ত তথ্য প্রকাশ করবে টাটা।