‘রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছিলেন!’ অখিলেশকে নিয়ে বিস্ফোরক যোগী আদিত্যনাথ

রবিবার হাথরাসের সালেমপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন। ৫৪৮ কোটি টাকা মূল্যের ১৪৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

যোগী বলেন, “অখিলেশ যাদব বলছেন তিনি অযোধ্যাকে ধর্মীয় শহর বানাবেন। অথচ তাঁর সরকারই রাম ভক্তদের ওপর গুলি চালিয়েছিল! যে সরকার কাওয়ার যাত্রা নিষিদ্ধ করেছিল এবং জন্মাষ্টমীর উৎসব বন্ধ করে দিয়েছিল, তাদের মুখে অযোধ্যার কথা মানায় না।” মুখ্যমন্ত্রীর মতে, সমাজবাদী পার্টির শাসনামলে মন্দিরের সৌন্দর্যায়নের টাকা ব্যয় হতো কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৭ সালের পর থেকে উত্তরপ্রদেশ দাঙ্গা ও মাফিয়ামুক্ত। এখন কোনো দাঙ্গা বা কারফিউ ছাড়াই বারো হাজার মিছিল শান্তিপূর্ণভাবে আয়োজিত হচ্ছে। অখিলেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “সাহস থাকলে শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে খোলাখুলি কথা বলুন। রাম মন্দির আন্দোলনের আদলে মথুরার কথা বলুন।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, তোষণ নয়, বরং রাজ্যের সার্বিক উন্নয়ন এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে মন্দিরগুলির পুনর্নির্মাণই তাঁদের লক্ষ্য। অযোধ্যার রূপান্তর এখন ত্রেতা যুগের কথা মনে করিয়ে দিচ্ছে, যা দেখে বিরোধীদের মনে এখন প্রতিহিংসার আগুন জ্বলছে বলেও তিনি মন্তব্য করেন।