দোকানের চিকেন বার্গার-রোল নয়, বরং বাড়িতে বানান দুর্দান্ত ‘চিকেন মালাইকারি’, শিখেনিন সহজ স্টেপে

প্রোটিনের চাহিদাপূরণে চিকেন বা মুরগির মাংসের বিকল্প নেই। ১০০ গ্রাম চিকেন থেকে প্রায় ১৬৫ ক্যালোরি, ৩১ গ্রাম প্রোটিন এবং মাত্র ৩ গ্রাম ফ্যাট পাওয়া যায়। এছাড়া মুরগির মাংসে থাকা আয়রন, জিঙ্ক ও ভিটামিন বি৬ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, যারা ওজন কমাতে চাইছেন বা পেশি গঠন করতে আগ্রহী, তাদের ডায়েটে চিকেন থাকা অত্যন্ত জরুরি। কিন্তু চিকেন খাওয়ার ধরন ও রান্নার পদ্ধতি ঠিক না হলে হিতে বিপরীত হতে পারে।

অধিকাংশ মানুষ চিকেনের নামে ফাস্টফুড যেমন—চিকেন পকোড়া, রোল, সসেজ বা বার্গারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। মনে রাখবেন, দোকান থেকে কেনা প্রক্রিয়াজাত এই মাংস বা ভাজা চিকেন রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া দীর্ঘসময় সংরক্ষিত এসব মাংসে প্রচুর প্রিজারভেটিভ থাকে, যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়িতে রান্না করা চিকেন খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চিংড়ি মালাইকারির মতো এবার বাড়ির রান্নাঘরেই বানিয়ে ফেলুন পুষ্টিকর ‘চিকেন মালাইকারি’।

৫ জনের জন্য প্রয়োজনীয় উপকরণ:
মুরগির মাংস (১ কেজি), নারকেলের দুধ (২ কাপ), মিষ্টি দই (২ টেবিল চামচ), আদা-রসুন বাটা (প্রতিটি ১ চা চামচ), কাঁচা লঙ্কা (৫-৬টি), পেঁয়াজ বাটা (২ টেবিল চামচ), কাজুবাদাম বাটা (১ টেবিল চামচ), দারচিনি (২ টুকরো), এলাচ (৪টি), ডিম (১টি), বাদামকুচি (১ চা চামচ), ময়দা (১ টেবিল চামচ), ঘি (১ টেবিল চামচ), টমেটো পিউরি (৪ চা চামচ), লঙ্কা গুঁড়ো (২ চা চামচ), তেল ও নুন পরিমাণমতো।

রান্নার পদ্ধতি:
১. প্রথমে মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এতে আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফেটিয়ে দিয়ে অন্তত ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
২. একটি প্যানে অল্প ঘি ও তেল গরম করে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
৩. ওই একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করুন। এরপর এতে আদা-রসুন বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষাতে থাকুন।
৪. মশলা কষানো হলে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই ও নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।
৫. গ্রেভি ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না করুন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।