মাত্র ৪ মাসেই ২ কোটি টাকার ব্যবসা! সোশ্যাল মিডিয়ার জাদুতে ফার্নিচার বাজারে বিপ্লব আনলেন এই দম্পতি

যোধপুরের এক দম্পতির সাফল্যের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। সঠিক ব্যবসায়িক কৌশল এবং বাজারের চাহিদা বুঝে অম্ভবকেও কীভাবে সম্ভব করা যায়, তা প্রমাণ করে দেখালেন শ্রেয়া ও বরুণ। তাঁদের প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘Birohh Living’ আজ ভারতের ফার্নিচার বাজারে এক নতুন আলোচনার নাম। সোশ্যাল মিডিয়াকে মূল হাতিয়ার করে মাত্র চার মাসে ২ কোটি টাকার বিক্রি করে তাঁরা তাক লাগিয়ে দিয়েছেন।

বাজারের বড় শূন্যতা পূরণের গল্প:
এই স্টার্টআপের সাফল্যের বীজ বপন হয় শ্রেয়া ও বরুণের বিয়ের পর। লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্টে মাস্টার্স করা শ্রেয়া এবং এক দশক ধরে বিদেশে আসবাব রফতানির অভিজ্ঞতাসম্পন্ন বরুণ যখন ভারতের ঘরোয়া ফার্নিচার বাজার বিশ্লেষণ করেন, তখন তাঁরা দেখেন সেখানে বিশাল ফাঁক রয়েছে। ক্রেতাদের কাছে দুটিই উপায় ছিল—হয় অত্যধিক দামি আন্তর্জাতিক ব্র্যান্ড, নয়তো স্থানীয় মিস্ত্রির তৈরি অনির্ভরযোগ্য আসবাব। এই শূন্যস্থান পূরণ করতেই ২০২৫ সালে তাঁরা ‘Birohh Living’ শুরু করেন।

শুরুতেই বড় চ্যালেঞ্জ:
পথ মোটেই মসৃণ ছিল না। ২০২৪ সালে উদ্যোগটি শুরুর প্রাথমিক পর্যায়েই বরুণের বাবার আকস্মিক মৃত্যু তাঁদের মানসিকভাবে ভেঙে দেয়। কয়েক মাস বিরতির পর, বাবার স্বপ্নকে পাথেয় করে ২০২৫ সালের নভেম্বর মাসে বরুণ ও শ্রেয়া নতুন উদ্যমে ময়দানে নামেন। এবার তাঁরা বেছে নেন ডিজিটাল মাধ্যমের শক্তি।

রিলসের জাদুতে বদলে গেল ভাগ্য:
সরাসরি কারখানার অন্দরমহল এবং কারিগরদের কাজের নিখুঁত ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন তাঁরা। এই স্বচ্ছতাই সাধারণ মানুষের মন জয় করে নেয়। ভিডিওগুলি ভাইরাল হতেই অর্ডারের বন্যা বয়ে যায়। তাঁদের সততা ও গুণমান দেখে খোদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে অভিনেত্রী তারা সুতারিয়াও মুগ্ধ। সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের তালিকায় যুক্ত হয় হেভিওয়েট ব্যক্তিত্বদের নাম।

কী এই স্টার্টআপের বিশেষত্ব?
তাঁদের ব্যবসার মূল ইউএসপি (USP) হলো স্বচ্ছতা ও গুণমান। প্রতিটি আসবাব শিশম, সেগুন বা অ্যাকেশিয়ার মতো প্রিমিয়াম সিজনড কাঠ দিয়ে তৈরি। আসবাব তৈরির প্রতিটি ধাপের ছবি গ্রাহকদের পাঠিয়ে দেওয়া হয়, যা তাঁদের মনে গভীর আস্থা তৈরি করেছে। প্রতিটি অর্ডার নজরে রেখে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া তাঁদের টিমের কাছে এক বড় চ্যালেঞ্জ হলেও, কঠোর পরিশ্রমে তাঁরা তা সফলভাবে করে চলেছেন।

৭ হাজার থেকে ১.৩০ লক্ষ টাকা মূল্যের এই আসবাবপত্রের প্রতিটি অর্ডারের গড় মূল্য ৩ থেকে ৪ লক্ষ টাকা। এই বিশ্বাস ও স্বচ্ছতাকে পুঁজি করেই ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল—মাত্র চার মাসে ২ কোটি টাকার বিক্রির মাইলফলক স্পর্শ করেছে ‘Birohh Living’। তরুণ প্রজন্মের এই দম্পতির উদ্যম আজ ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমে এক নতুন নজির স্থাপন করেছে।