আর ব্যাংকে দৌড় নয়! এটিএম-ইউপিআই থেকেই মিলবে পিএফের টাকা, জেনে নিন নতুন নিয়ম

ইপিএফও গ্রাহকদের জন্য দারুণ খবর। বহু প্রতীক্ষিত ইপিএফও ৩.০ (EPFO 3.0) খুব শীঘ্রই চালু হতে চলেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্যর ঘোষণা অনুযায়ী, পিএফ গ্রাহকদের পরিষেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি আনা হচ্ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র সহযোগিতায় এর ট্রায়াল এবং টেস্টিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, এই জুন মাসের শেষভাগেই এই নতুন ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা প্রবল।

ইপিএফও ৩.০-এর মূল আকর্ষণ হল এটিএম (ATM) ও ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা। এতদিন পিএফের টাকা তোলার জন্য যে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, এই নতুন ভার্সনে তা আর থাকবে না। গ্রাহকরা খুব সহজেই তাদের পিএফ অ্যাকাউন্টের টাকা এটিএম কার্ড ব্যবহার করে অথবা ইউপিআই অ্যাপের মাধ্যমে সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, ইপিএফ গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে থাকা মোট জমার ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা ভবিষ্যতের পেনশনের জন্য অ্যাকাউন্টে লক-ইন থাকবে। এর পাশাপাশি আরও একটি বড় সুবিধা হল অটো-সেটেলমেন্টের লিমিট। আগে এই সীমা ১ লাখ টাকা থাকলেও, ইপিএফও ৩.০-তে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হচ্ছে। অর্থাৎ, ৫ লাখ টাকা পর্যন্ত পিএফ ক্লেম কোনো প্রকার ম্যানুয়াল যাচাই ছাড়াই দ্রুত সেটেল হয়ে যাবে।

এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের কিছু শর্ত পূরণ করতে হবে। ইউএএন (UAN)-এর সঙ্গে আধার লিঙ্ক থাকা, কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিক রাখা বাধ্যতামূলক। এর ফলে গ্রাহকদের আর অফিসের ওপর নির্ভর করে থাকতে হবে না, নিজের প্রোফাইল বা তথ্য সংশোধনের কাজও তারা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে নিজেরাই করতে পারবেন।