অবশেষে পুলিশের জালে ধরা দিলেন কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির একটি চাঞ্চল্যকর মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর ওড়িশার পুরী থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (লালবাজার)।
সূত্রের খবর, সুশান্ত ঘোষকে গ্রেফতার করার পর তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন পুলিশের একটি বিশেষ দল পুরীতে পৌঁছায় এবং সুশান্তকে পাকড়াও করে।
উল্লেখ্য, এই মামলার তদন্তে নেমে এর আগেই পুলিশ সাফল্য পেয়েছিল। ওড়িশা সীমান্ত সংলগ্ন বেলদা এলাকা থেকে সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর ব্যক্তিগত গাড়ি চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ সুশান্তের ওড়িশায় গা ঢাকা দেওয়ার খবর পায় বলে ধারণা করা হচ্ছে।
প্রাক্তন এই কাউন্সিলরের গ্রেফতারির খবরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। তোলাবাজির অভিযোগে দীর্ঘদিনের এই নেতার গ্রেপ্তারি কলকাতা পুলিশের জন্য বড় সাফল্য হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। কলকাতায় ফিরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর এই তোলাবাজি চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা নিয়ে বড়সড় তথ্য মিলতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।





