বিহার মন্ত্রিসভায় অবৈধ মন্ত্রী? দীপক প্রকাশের পদ নিয়ে সুপ্রিম কোর্টের তোপ!

বিহারের রাজনীতিতে বড়সড় আইনি সংকট! রাজ্যের মন্ত্রিসভার সদস্য দীপক প্রকাশের মন্ত্রী হিসেবে পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলার প্রেক্ষিতেই ভারতের নির্বাচন কমিশন, বিহার সরকার এবং স্বয়ং মন্ত্রী দীপক প্রকাশের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি ভি. মোহনার বেঞ্চ এই নোটিশ জারি করেছে।
উল্লেখ্য, দীপক প্রকাশ বর্তমানে এনডিএ সরকারের মন্ত্রী হলেও তিনি বিহার বিধানসভা বা বিধান পরিষদের সদস্য নন। সংবিধানের ১৬৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী, একজন অ-সদস্য মন্ত্রী হিসেবে ৬ মাস দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তিনি পদে বহাল থাকায় তাঁর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়াহার ছেলে দীপক প্রকাশকে নিয়ে বিজেপির সঙ্গে দলের টানাপোড়েন দীর্ঘদিনের। শোনা যায়, বিজেপির তরফে কুশওয়াহাকে দল বিলোপের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন। এর পরেই বিধান পরিষদে তাঁর জন্য আসন বরাদ্দ না হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, এই আইনি লড়াই বিহারের এনডিএ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্ট এখন এই নিয়োগের সাংবিধানিক বৈধতা কীভাবে যাচাই করে, সেটাই দেখার বিষয়। একদিকে রাজনৈতিক সমীকরণ, অন্যদিকে সংবিধানের অটল নিয়ম—সব মিলিয়ে বিহারের এই পরিস্থিতি এখন গোটা দেশের নজরে।