শেখার যে কোনো বয়স নেই, তা ফের প্রমাণ করলেন তেলেঙ্গানার প্রাক্তন মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি, যিনি দেবজি নামেই বেশি পরিচিত। বন্দুকের লড়াই ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার মাত্র কয়েক মাসের মধ্যেই ৬০ বছর বয়সে তেলেঙ্গানা ল’সেট (LAWCET) ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করলেন তিনি। পরীক্ষায় ৩৪৯তম স্থান অধিকার করে তিনি বুঝিয়ে দিলেন, অদম্য ইচ্ছাশক্তির কাছে বয়স কেবল একটি সংখ্যা মাত্র।
গত ফেব্রুয়ারি মাসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে মূলধারার জীবনে ফেরেন দেবজি। ১৯৮২ সালের পর থেকে তাঁর পড়াশোনা থমকে ছিল। দীর্ঘ ৪০ বছর পর, বিশেষ অনুমতি নিয়ে গত মে মাসে তিনি তেলুগু পরীক্ষা দেন। ইন্টারমিডিয়েট রেজাল্টের অপেক্ষায় থাকলেও ভবিষ্যতের কথা ভেবে তিনি ল’সেট পরীক্ষায় বসেন এবং ৫৭ পয়েন্ট নিয়ে রাজ্যে ৩৪৯তম স্থান পান।
দেবজির এই নতুন পথচলার লক্ষ্য অত্যন্ত মহৎ। আইন পড়ার সুযোগ পাওয়ার পর তিনি জানান, জীবনের বাকি সময়টা তিনি আর্থিকভাবে অনগ্রসর ও অভাবী মানুষের পাশে থেকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে চান।
প্রসঙ্গত, তেলেঙ্গানা ল’সেট-২০২৬ পরীক্ষায় এবার পাসের হার ৭৩ শতাংশ। মোট ৫৪,৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯,৬৭৩ জন সফল হয়েছেন। কর্মকর্তাদের মতে, দেবজির মতো বহু প্রবীণ শিক্ষার্থী এবার এই পরীক্ষায় সাফল্য পেয়ে অনন্য নজির গড়েছেন। মাওবাদী জীবন ছেড়ে আইনের আঙিনায় দেবজির এই প্রত্যাবর্তন এখন তরুণ প্রজন্মের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা।





