উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘ফায়ারব্র্যান্ড’ নেতা হিসেবে পরিচিত যোগী আদিত্যনাথ শুক্রবার ৫৪ বছরে পা দিলেন। ৪৫ বছর বয়সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নেওয়া যোগী আদিত্যনাথ আজ ৫৪ বছরেও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে সমান সক্রিয়। তাঁর এই জন্মদিনের প্রাক্কালেই বারাণসীতে দেখা গেল এক অদ্ভুত ও নজরকাড়া উদযাপন। আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যোগীর এই জন্মদিন ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ করা গেল।
বারাণসীর হারহুয়া এলাকার বিখ্যাত ৫১ ফুট উঁচু বরদ অঞ্জনেয় হনুমান মন্দিরে এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর জন্মদিনের প্রধান আকর্ষণ ছিল ৫৪ কেজি ওজনের একটি বিশালাকৃতির লাড্ডুর কেক। বিশুদ্ধ দেশি ঘি দিয়ে তৈরি এই কেকটি প্রথমে ভগবান হনুমানের চরণে নিবেদন করা হয়। পরে তা প্রসাদ হিসেবে উপস্থিত হাজার হাজার ভক্ত ও সমর্থকদের মধ্যে বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এটি কেবল জন্মদিন পালন নয়, বরং ধর্মীয় আচারের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার এক সংমিশ্রণ। মন্দিরে এদিন মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল। কেকের পাশে রাখা মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি ঘিরে ভক্তদের আবেগ ছিল চোখে পড়ার মতো।
উদ্যাপনের এই অনুষ্ঠানে কেবল কেক কাটা বা প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল পরিবেশ রক্ষার বার্তা। মুখ্যমন্ত্রীর বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ৫৪টি চারাগাছ রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের এই প্রয়াস সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিজেপি কর্মী এবং সাধারণ ভক্তদের সমাগম ছিল দেখার মতো। সেখানে প্রদর্শন করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের চিত্র।
প্রসঙ্গত, যোগী আদিত্যনাথের জন্মদিনে তাঁর বয়সের সমান ওজনের লাড্ডু তৈরির এই প্রথা নতুন নয়। গত বছর ৫৩তম জন্মদিনে ঠিক ৫৩ কেজি ওজনের লাড্ডুর কেক তৈরি করে পালন করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর ৫৪ কেজির লাড্ডু কেক তৈরি করা হয়েছে। ধর্মীয় ভক্তি, সামাজিক অংশগ্রহণ এবং পরিবেশ সচেতনতার এই মেলবন্ধন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। কাশীর এই উদ্যাপন আদতে মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থকদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে এই ধরণের কর্মসূচি কর্মীদের মনোবল বাড়াতে ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে বড় ভূমিকা নেবে বলে ধারণা করা হচ্ছে।





