দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার অজিত কুমারের পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। ৮৫ বছর বয়সে পরলোকগমন করেছেন অভিনেতার মা মোহিনী মণি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের এই মুহূর্তে অজিত কুমার দুবাইতে ছিলেন, তবে দ্রুত তাঁর চেন্নাই ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, এর আগে প্রায় দুই বছর আগে অজিত কুমার তাঁর বাবা সুব্রামণিকে হারিয়েছিলেন। সেই শোক কাটিয়ে পরিবারটি যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই মায়ের এই প্রয়াণ তাঁদের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াল। মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে শোকের ঢেউ ওঠে।
ডিএমকে প্রধান এম.কে. স্ট্যালিন টুইট করে এই কঠিন সময়ে অজিত কুমার ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্ট্যালিন বলেন, “মাকে হারানো জীবনের অন্যতম বড় দুঃখ।” অজিত কুমারের অগণিত ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় অভিনেতার পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য যে, তামিল সিনেমার ‘থালা’ হিসেবে পরিচিত অজিত কুমার শুধু অভিনেতা হিসেবেই নন, একজন দক্ষ রেসার হিসেবেও আন্তর্জাতিক স্তরে পরিচিত। ‘আসাই’, ‘বিল্লা’, ‘ভীরাম’ ও ‘বিশ্বাসম’-এর মতো কালজয়ী সিনেমার পর তাঁকে সর্বশেষ ‘গুড ব্যাড আগলি’ ছবিতে দেখা গিয়েছে। এই শোকের সময়ে সমগ্র দক্ষিণ ভারত থেকে অজিত কুমারের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।





