গাজিয়াবাদে ১৭ বছরের কিশোরকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা, কাঠগড়ায় যোগী সরকার!

গাজিয়াবাদের খোদা এলাকায় ১৭ বছর বয়সী কিশোর সূর্য চৌহান হত্যাকাণ্ডে উত্তপ্ত উত্তরপ্রদেশ। বকরিদের দিন এক নির্দিষ্ট সম্প্রদায়ের যুবকদের হাতে নৃশংসভাবে ছুরিকাঘাতে খুন হতে হয়েছে এই কিশোরকে। ঘটনায় শোকপ্রকাশ করে যোগী সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।

মায়াবতী সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে লিখেছেন, এই হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। নির্বাচন সামনে রেখে সরকার ও প্রশাসনকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং অপরাধীদের অবিলম্বে শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ সূত্রে খবর, গত ২৮ মে দুপুরে এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সূর্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৯ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজিয়াবাদের এসিপি অভিষেক শ্রীবাস্তব জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে এবং আরও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে মূল অভিযুক্ত ও তার পরিবার এখনও পলাতক। এদিকে, এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালো হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy