তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ১০ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল রাজ্য। এই জঘন্য অপরাধের আবহেই রাজ্যের মসনদে বসে কড়া পদক্ষেপ নিলেন নতুন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সোমবার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, মহিলাদের ও শিশুদের বিরুদ্ধে ঘটা যে কোনো অপরাধের ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে।
সচিবালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, অপরাধের খবর পাওয়া মাত্রই দ্রুত মামলা দায়ের করতে হবে এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কোনো ধরনের গাফিলতি ছাড়াই। অপরাধীদের এমন কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের মূল দিকগুলো:
দ্রুত বিচার: মামলার ট্রায়াল বা বিচারপ্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, সে জন্য অ্যাডভোকেট জেনারেলকে বিশেষ নির্দেশ দিয়েছেন বিজয়।
সতর্কতামূলক ব্যবস্থা: কেবল অপরাধের শাস্তি নয়, নারী ও শিশু নির্যাতন রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন তিনি।
উচ্চপর্যায়ের বৈঠক: এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব এম সাইকুমার, স্বরাষ্ট্র সচিব কে মণিবাষন, অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ এবং পুলিশ মহানির্দেশক সন্দীপ রায় রাঠোর-সহ শীর্ষ কর্মকর্তারা।
উল্লেখ্য, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে ক্ষমতায় আসা বিজয়ের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। ছয় দশকের দ্রাবিড় রাজনীতির প্রথা ভেঙে ডিএমকে ও এআইডিএমকে-কে পিছনে ফেলে বিজয়ের এই জয় ছিল চমকপ্রদ। এখন দেখার, তাঁর এই কঠোর প্রশাসনিক নির্দেশ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকরী ভূমিকা নেয়।





