রাজধানী দিল্লিতে অটো ও ট্যাক্সি ধর্মঘটের দ্বিতীয় দিনে বাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় সরাসরি প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। এশিয়ার অন্যতম বৃহত্তম সবজি বাজার আজাদপুর মান্ডিতে সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মাত্র কয়েক ঘণ্টায় ধনেপাতার দাম কেজি প্রতি ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে। আদা, লেবু ও পুদিনার মতো অত্যাবশ্যকীয় পণ্যের দামও আকাশছোঁয়া।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ধর্মঘটের কারণে বাজারে মাত্র ২০টি ট্রাক সবজি নিয়ে পৌঁছাতে পেরেছে, যা দিল্লির চাহিদার তুলনায় খুবই সামান্য। বর্তমানে মজুত থাকা স্টক দিয়ে বড়জোর একদিন চলবে। ফলে আগামীতে পেঁয়াজ-আলুর দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, বাণিজ্যিক গাড়ির ওপর পরিবেশ কর বৃদ্ধি এবং সিএনজি-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন পরিবহন ইউনিয়ন। আগামী ২৩ মে পর্যন্ত এই ‘চক্কা জাম’ চলবে। এর ফলে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন, আনন্দ বিহার ও মান্ডি হাউসের মতো ব্যস্ত এলাকাগুলোতে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। চালক শক্তি ইউনিয়নের দাবি, ক্রমবর্ধমান জ্বালানি খরচের চাপে সংসার চালানো দায় হয়ে পড়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।





