আরজি কর কাণ্ডের রেশ কাটতেই বড় ধাক্কা! প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ কর্পোরেশনের

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই ঘটনার তদন্তে নেমে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই এল আরও বড় আইনি পদক্ষেপ। তাঁর বেলেঘাটার বাড়ির একটি অংশকে ‘বেআইনি’ চিহ্নিত করে তা ভেঙে ফেলার চূড়ান্ত নির্দেশ দিল কলকাতা পৌরসভা।

ঘটনার সূত্রপাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকারের অভিযোগের ভিত্তিতে। তিনি অভিযোগ করেছিলেন যে, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে অনুমোদিত নকশার বাইরে গিয়ে একাধিক বেআইনি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভা ৪০১ (১) ধারায় নোটিশ পাঠায়। শুনানির প্রক্রিয়া শুরু হলেও দীর্ঘ সময় ধরে সেই রায়ের কোনো হদিস ছিল না।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। সেই ফাইল ফের সক্রিয় হয় এবং পুনরায় শুনানির দিন ধার্য করা হয়। বৃহস্পতিবার কলকাতা পৌরসভা চূড়ান্ত রায়ে জানায়, বাড়ির নকশা বহির্ভূত যে নির্মাণ করা হয়েছে, তা অবৈধ। পৌর আইনের নিয়ম অনুযায়ী, এই ধরনের বেআইনি অংশ ভেঙে ফেলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। নির্দেশ অনুযায়ী, বাড়ির ছাদের একাংশ এবং তিনতলার একটি অংশ ভেঙে ফেলা হবে। পরবর্তী শুনানিতে অভিযোগকারী উপস্থিত থাকলেও সন্দীপ ঘোষের পক্ষের কেউ হাজিরা দেননি, যার পরেই এই একতরফা ও কঠোর রায় দেওয়া হয়।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পৌরসভা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তিলজলার বহুতল ভাঙা হোক কিংবা তৃণমূলের হেভিওয়েট নেতাদের ঠিকানায় নোটিশ পাঠানো—সবক্ষেত্রেই কর্পোরেশনের বিল্ডিং বিভাগ অত্যন্ত কঠোর। সেই ধারায় এবার আরজি কর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়ির ওপর পৌরসভার এই বুলডোজার চালানো নিঃসন্দেহে বড় ইঙ্গিত। শুধু তাই নয়, পৌর কমিশনার নির্দেশ দিয়েছেন, এখন থেকে প্রতি সপ্তাহে বিল্ডিং বিভাগের রিভিউ মিটিং করতে হবে। কোন এলাকায় কত বেআইনি নির্মাণ আছে এবং সেগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে কড়া নজরদারি চালাবে বিল্ডিং বিভাগ। আরজি করের প্রাক্তন সুপারের বাড়ির ওপর এই নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy