দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। ‘মন ফাগুন’-এর আকাশছোঁয়া সাফল্যের পর তাঁকে নিয়মিত ধারাবাহিকে দেখা না গেলেও, তিনি এখন ওয়েব দুনিয়াতেই বেশি ব্যস্ত। ধারাবাহিকের ১৪ ঘণ্টার দীর্ঘ শিফটের চাপের কারণে আপাতত লম্বা কোনো প্রজেক্টে হাত না দিলেও, ভক্তদের আবদার মেটাতে ‘ভালোবাসার রং রুট’ ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবে ধরা দিলেন সৃজলা।
ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, মল্লিক এবং সাহা পরিবার মেতে উঠেছে তাদের বহুদিনের ঐতিহ্যবাহী সামার পিকনিকে। তবে এবারের মিলনমেলা একটু অন্যরকম। রেহানের জ্যাঠামশাই রুপাইয়ের পরিবারকেও আমন্ত্রণ জানিয়েছেন, যা মানসী ও মিশকার কাছে অসহ্য। রূপাইয়ের ‘গরিব ও ক্লাসলেস’ আত্মীয়দের সঙ্গে সময় কাটানো তাদের কাছে অপমানের সমান। যদিও নানা প্রতিকূলতা পেরিয়ে রুপাই নিজের বাসে করেই পুরো পরিবারকে নিয়ে পৌঁছায় পিকনিক স্পটে।
পিকনিক স্পটে পৌঁছেই জমে ওঠে আড্ডা, গান আর নাচ। জনপ্রিয় গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যের সুরের জাদুতে এবং অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে পরিবারের সদস্যদের নাচের আসরে পিকনিকের পরিবেশ হয়ে ওঠে রঙিন। তবে এই আনন্দের আড়ালেই ঘনিয়ে আসছে বিপদের মেঘ। রুপাইয়ের পিসি ফুলটুসি লোভের বশবর্তী হয়ে চুরি করার ফন্দি আঁটছে। সবচেয়ে ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত মানসী, মিশকা এবং ডাঃ মধুমিতা। তাদের লক্ষ্য রুপাইকে একটি বিপজ্জনক ওষুধ ইনজেক্ট করা, যাতে রেহানের জীবন থেকে রুপাই চিরতরে সরে যায় এবং মধুমিতার সঙ্গে রেহানের মিলনের পথ প্রশস্ত হয়।
আজকের পর্বে পিকনিকের ট্র্যাক শেষ হতে চলেছে। সৃজলার উপস্থিতিতে পিকনিকের আনন্দ কি বজায় থাকবে, নাকি ষড়যন্ত্রকারীদের হাতে রুপাইয়ের জীবন বিপন্ন হবে—এই প্রশ্নের উত্তর মিলবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। টানটান উত্তেজনায় ঠাসা আজকের পর্বটি দেখতে অবশ্যই চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।





