সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে ‘ককরোচ জনতা পার্টি’। মাত্র চার দিনে ইনস্টাগ্রামে ১ কোটি ১১ লক্ষ ফলোয়ার নিয়ে দেশের শাসকদল বিজেপিকে (৮৭ লক্ষ) পেছনে ফেলে দিয়েছে এই নতুন রাজনৈতিক মঞ্চ। মাত্র ৫০টির কিছু বেশি পোস্টেই এই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দলটি।
এই সংগঠনের নেপথ্যে রয়েছেন পুণের বাসিন্দা অভিজিৎ দিপক। ২০২০-২৩ সাল পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া প্রচারের সঙ্গে যুক্ত থাকা অভিজিৎ বর্তমানে আমেরিকায় জনসংযোগ নিয়ে পড়াশোনা করছেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেকার যুবকদের ‘আরশোলা’ ও ‘পরজীবী’ বলে কটাক্ষ করার প্রতিবাদেই এই দলের জন্ম। ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে পথে নামা এই মঞ্চ এখন অনেকেরই নজর কেড়েছে।
দলের ইস্তাহারও বেশ চমকপ্রদ। দলবদলু রাজনীতিবিদদের ২০ বছর ভোটে নিষেধাজ্ঞা, মন্ত্রিসভায় ৫০ শতাংশ নারী সংরক্ষণ এবং ‘গোদি মিডিয়া’র সঞ্চালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্তের মতো দাবি রাখা হয়েছে। মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো নেতারাও এই মঞ্চকে সমর্থন জানিয়েছেন। শাসকদলকে খোঁচা দিয়ে অভিজিৎ বলেন, “যুবশক্তিকে ছোট করে দেখবেন না।” রাজনীতি নয়, ব্যঙ্গাত্মক মঞ্চ হিসেবে পরিচিত হলেও, এই সংগঠনের উত্থান রীতিমতো ভাবিয়ে তুলেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।





