ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে আধ্যাত্মিক আশ্রয়ে অভিনেত্রী সেলিনা জেটলি। সম্প্রতি দেবী বাগলামুখীর মন্দিরে গিয়ে তিনি সন্তানদের সঙ্গে পুনর্মিলন এবং ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক ফিরে পাওয়ার জন্য অশ্রুসিক্ত প্রার্থনা করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি আবেগঘন ভিডিওতে অভিনেত্রীকে মন্দিরের গর্ভগৃহে পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাঝে হাতজোড় করে আবেগপ্রবণ অবস্থায় দেখা গেছে।
ভিডিওর ক্যাপশনে সেলিনা জানান, তিনি কেবল নিজের নয়, বরং তাদের সবার জন্য প্রার্থনা করেছেন যারা সুরক্ষা, ন্যায়বিচার এবং পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার শক্তি খুঁজছেন। তিনি লিখেছেন, “আমি এমন একটি সম্পর্ক পুনঃস্থাপনের জন্য মিনতি করেছি, যা ভাগ্যের ফেরে বিচ্ছিন্ন হওয়া উচিত ছিল না।” সেলিনার এই অসহায়ত্ব ভক্তদের গভীরভাবে স্পর্শ করেছে এবং বহু মানুষ তাঁর দ্রুত শান্তি ও পারিবারিক সংকটের অবসানের জন্য প্রার্থনা জানিয়েছেন।
উল্লেখ্য, সেলিনা বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। অস্ট্রিয়ায় তাঁর স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং অভিযোগ, তিনি সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না। পাশাপাশি, তাঁর ভাই বিক্রান্ত জেটলি বর্তমানে দুবাইতে কারাবন্দী এবং সেলিনার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখতে নারাজ। কর্মজীবনের বাইরে অভিনেত্রীর এই ব্যক্তিগত লড়াই যেন এক কঠিন যুদ্ধের মতো। ভক্তরা আশা করছেন, মা বাগলামুখীর আশীর্বাদে তাঁর জীবনের সমস্ত প্রতিকূলতা শীঘ্রই কেটে যাবে।





