অপহরণ করে খালে দেহ লোপাট, জনপ্রিয় গায়িকার নৃশংস খুনে তোলপাড় পঞ্জাব

বিনোদন জগতে নেমে এল শোকের ছায়া। পঞ্জাবের জনপ্রিয় গায়িকা তথা মেকআপ আর্টিস্ট ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌরকে নৃশংসভাবে খুনের ঘটনায় স্তব্ধ গোটা মিউজিক ইন্ডাস্ট্রি। ‘সোনে দি চিড়ি’-খ্যাত ২৯ বছরের এই তরুণীর পচনশীল দেহ উদ্ধার হয়েছে লুধিয়ানার সিরহিন্দ খাল থেকে। গত ১৩ মে নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর খোঁজ চলছিল।

ঘটনার গভীরে যেতেই বেরিয়ে এসেছে এক রোমহর্ষক ত্রিকোণ প্রেমের কাহিনি। পুলিশ সূত্রে খবর, কানাডাপ্রবাসী সুখবিন্দর সিং নামে এক যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় ইন্দরের। পরে ইন্দর জানতে পারেন সুখবিন্দর বিবাহিত। প্রতারণার শিকার বুঝতে পেরে তিনি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এই প্রত্যাখ্যানই কাল হয়ে দাঁড়ায় গায়িকার জীবনে।

অভিযোগ, ইন্দরকে সরিয়ে দিতে সুপরিকল্পিত ছক কষে সুখবিন্দর। নেপাল হয়ে সড়কপথে পঞ্জাবে প্রবেশ করে সে। গত ১৩ মে বাজার করার সময় মাঝরাস্তায় ইন্দরকে তাঁর গাড়ি থেকে অপহরণ করে সুখবিন্দর ও তার দলবল। চলন্ত গাড়ির ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটি ফেলে দেওয়া হয় সিরহিন্দ খালে।

পুলিশের প্রাথমিক অনুমান, হত্যাকাণ্ডের পরেই মূল অভিযুক্ত সুখবিন্দর ফের কানাডায় পালিয়ে যায়। ইতিমধ্যে পুলিশ সুখবিন্দরের বাবা ও এক সহযোগীকে গ্রেফতার করেছে। গায়িকার পরিবারের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই এমন নৃশংস পরিণতি হল তাঁদের মেয়ের। প্রিয় গায়িকার এই অকাল প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা বইছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy