‘জয় বাংলা বনাম জয় শ্রীরাম’, শপথের মঞ্চেও থামল না সংঘাত! বিজেপি বিধায়কের মুখে ছাই দিয়ে কী বললেন নয়না?

২৬-এর বিধানসভার হাই-ভোল্টেজ লড়াই মিটলেও উত্তাপ কমেনি তিলমাত্র। বিধানসভার ভেতরে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের একবার শাসক-বিরোধী তরজায় সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। বুধবারের পর বৃহস্পতিবারও নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। কিন্তু এদিন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় শপথ নিতে আসতেই পরিস্থিতি বদলে যায়। তাঁকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা, যা নিয়ে হাউজের ভেতরেই তৈরি হয় এক অভাবনীয় দৃশ্য।

কী ঘটেছিল বিধানসভার ভেতরে?
বৃহস্পতিবার চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় যখন শপথ নেওয়ার জন্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন, তখন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও তাঁকে দেখে উচ্চস্বরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। সাধারণত শপথের মঞ্চে এই ধরনের ধর্মীয় বা রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। তবে নয়না বন্দ্যোপাধ্যায়ও দমে যাওয়ার পাত্রী নন। বিজেপি বিধায়কের সপাটে জবাব দিয়ে তিনি পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। এরপরই হাউজের ভেতরে প্রথা মেনে নিজের শপথ বাক্য পাঠ শেষ করেন তিনি।

‘জয় বাংলা চালিয়ে যাব’: অনড় নয়না
শপথ গ্রহণ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কড়া অবস্থানের কথা জানান নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্দেশ্য করে বিজেপি বিধায়কদের এই আচরণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ওরা যখন বিরোধী দলে ছিল, তখনও এই ধরনের কাজ করত। আমি আমার জায়গাতেই স্থির আছি। আমি জয় বাংলাই বলে যাব। আমি দীর্ঘদিন অভিনয় জগতে ছিলাম, সেখানেও বাংলার হয়ে কাজ করেছি। বাংলাকে আমি কখনও ভুলতে পারব না, তাই জয় বাংলা বলা থামবে না।”

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাই হাতিয়ার
এবারের নির্বাচনে তৃণমূলের বড়সড় বিপর্যয়ের মাঝেও চৌরঙ্গী থেকে নয়না বন্দ্যোপাধ্যায়ের জয় দলের জন্য ছিল এক স্বস্তির খবর। একটা সময় বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকের কাছে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনেন তিনি। আজ বিরোধী বেঞ্চে বসা প্রসঙ্গে তিনি সাফ জানান, “আমি এর আগেও বিরোধী দলে বসেছি, শাসক দলেও থেকেছি। রাজনীতি করতে এসেছি এবং রাজনীতিই করব। কেউ সৌজন্য দেখালে আমিও দেখাব। কিন্তু যে যা খুশি বলুক, আমি আমার আদর্শ থেকে পিছুপা হব না।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভার ভেতরে এই ‘স্লোগান যুদ্ধ’ আগামী দিনের উত্তপ্ত রাজনীতিরই আগাম ইঙ্গিত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy